
নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ মো: মোস্তাকিম (৪০) নামে এক চিহ্নিত মাদককারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। মঙ্গলবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তেলিয়াপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোস্তাকিম ডিমলা উপজেলার শোভনগঞ্জ ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের মো: সবুর উদ্দিনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত-বাংলাদেশ সীমান্তের তেলিয়াপাড়া মোড়ে মাদক কারবারের খবর পেয়ে হাবিলদার মো: আলী ওসমানের নেতৃত্বে বিজিবির টহল দল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া দিয়ে মোস্তাকিমকে গ্রেফতার করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক তল্লাশিতে মোস্তাকিমের কাছ থেকে ২১ পিস ইয়াবা, দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি স্কুল ব্যাগ এবং মাদক বিক্রির নগদ এক লাখ ৫২ হাজার টাকা জব্দ করা হয়। উদ্ধার আলামত ও মালামালের বাজারমূল্য তিন লাখ ৪০ হাজার ১০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাকিম সীমান্ত এলাকায় মাদক কারবারের কথা স্বীকার করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে পালিয়ে যাওয়া দুই সহযোগী ডিমলার ঝাড়সিংহেশ্বর গ্রামের মো: মোকলেস হোসেন ও মো: জহির উদ্দিন ওরফে জুয়েলের নাম-পরিচয় জানা গেছে।
রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক জানান, আটক আসামিকে উদ্ধার আলামতসহ ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতকদেরসহ সবার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। সীমান্তে মাদক চোরাচালান বন্ধে বিজিবির কঠোর নজরদারি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
ডিমলা থানার ওসি মো: আশরাফুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ‘বিজিবি আলামতসহ আটক আসামিকে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে নিয়মিত মামলা করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এজাহারভুক্ত পলাতক অন্য দুই আসামিকে গ্রেফতারে বিজিবির পাশাপাশি পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।’







