ইমন ভট্ট, যুবলীগ সভাপতি
গ্রেফতার যুবলীগ সভাপতি ইমন ভট্ট । নয়া দিগন্ত

নোয়াখালী জেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সভাপতি ইমন ভট্টকে গ্রেফতার গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়ার ভট্ট কুঠিরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমন ২০২২ সাল থেকে নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জেলা যুবলীগ সভাপতি ইমন আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সকালে প্রায় দুই বছর পর ঢাকা থেকে তিনি নিজ বাসায় আসেন। পরে অভিযান চালিয়ে রাতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় দণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। ওই মিছিলে জেলা যুবলীগের সভাপতি ইমন অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে। 

সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের মিছিলে অর্থায়নের অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।’