সাদুল্লাপুর থানা, সাদুল্লাপুর
সাদুল্লাপুর থানা ছবি: ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্লাপুরে লোকালয়ে ঢুকে শিয়ালের আক্রমণে স্বামী-স্ত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের সোনারপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জামুডাঙ্গা গ্রামের সোনারপাড়ার মরহুম আব্দুল জলিল আকন্দের ছেলে মনজু মিয়া, তার স্ত্রী তানসি বেগম, ভাই রনজু মিয়া, তার স্ত্রী রিক্তা বেগম ও শহিদুল ইসলাম।

স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে মনজু তার ধান ক্ষেত দেখতে গেলে হঠাৎ একটি শিয়াল তার ওপর হামলে করে। এ সময় শিয়ালটি তাকে কামড় ও আঁচড় দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। তার চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে গেলে শিয়ালটি তাদেরও আক্রমণ করে। এতে স্বামী-স্ত্রীসহ আরো চারজন আহত হন।

পরে স্থানীয়রা এগিয়ে এসে শিয়ালটিকে তাড়িয়ে দিলে সেটি পালিয়ে যায়। গুরুতর আহত মনজুকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানায় স্বজনরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মিয়া বলেন, ‘হঠাৎ লোকালয়ে শিয়ালের আক্রমণে স্বামী-স্ত্রীসহ পাঁচজন আহত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।’