হত্যা
মৃত আসিদ আলী। নয়া দিগন্ত

সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজের এক দিন পর বৃদ্ধ আসিদ আলীর (৭০) লাশ নিজ বাড়ির পাশের ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। 

Advertisement

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাগিরঘাট এলাকায় নিজ বাড়ির পাশ থেকে কচুরিপানা ও ঘাস দিয়ে ঢেকে রাখা অস্থায় লাশটি উদ্ধার করা হয়। 

মৃত আসিদ আলীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে দুষ্কৃতকারিরা খুন করে বাড়ির পাশে ধানক্ষেতে ফেলে যায় তাকে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার থেকে আসিদ আলী নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার বিকেলে স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে নিজ বাড়ির পাশে ধানক্ষেতের মধ্যে কচুরিপানা ও ঘাস দিয়ে মুখমন্ডলসহ সমস্ত শরীর ঢাকা অবস্থায় তার লাশ দেখতে পান। পরে তার স্বজন ও স্থানীয়রা গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
 
স্থানীয়রা জানায়, আসিদ আলী সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। তাকে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছবেদ আলী বলেন, ‘লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’