সংক্ষিপ্ত সংবাদ

অস্ত্র-কার্তুজসহ গ্রেফতার ১ 
পিরোজপুরের কাউখালীতে পুলিশ অভিযান চালিয়ে ৬৯ রাউন্ড শটগানের কার্তুজ, দু’টি ওয়াকিটকি, দেশীয় অস্ত্র, একটি খেলনা পিস্তল ও পুলিশের ভুয়া আইডি কার্ডসহ শাওন ইসলাম অপু (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে। গত সোমাবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পরিচালিত এ বিশেষ অভিযানে কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার একটি দোতলা ভবনের ছাদ থেকে শাওন ইসলামকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ কার্তুজ, ওয়াকিটকি, ধারালো ছোরা ও ভুয়া পুলিশের পরিচয়পত্র উদ্ধার করে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায় জানান, ধৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে দুপুরে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এ অপরাধচক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।

পুলিশের গোপন অভিযোগ বক্স 
নোয়াখালীর সেনবাগ উপজেলাকে মাদকমুক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সেনবাগ থানা-পুলিশ। মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিষয়ে গোপনে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে থানা কমপ্লেক্সের গোলঘর চত্বরে একটি গোপন অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। এই প্রক্রিয়ায় স্থানীয় সচেতন নাগরিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতা কামনা করেছে পুলিশ। সেনবাগ থানার ওসি আব্দুর রহিম সরকার জানান, সমাজ থেকে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে। অভিযোগকারী চাইলে নাম-পরিচয় গোপন রেখে তথ্য দিতে পারবেন। ইতোমধ্যে বক্সে প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। থানা-পুলিশের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে সর্বস্তরের মানুষ ও সামাজিক সংগঠনগুলোকে মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা। 

বেওয়ারিশ কুকুরের টিকাদান শুরু 
চাঁদপুরের মতলব পৌরসভায় জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রাণী কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে চার দিনব্যাপী বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইউএনও কে এম ইশমাম এই কার্যক্রমের উদ্বোধন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও কে এম ইশমাম। এতে পৌর নির্বাহী সাইফুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ক ম মহসীন বক্তব্য রাখেন। পৌরসভা সূত্রে জানা গেছে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকির হোসেনের তত্ত্বাবধানে গঠিত তিনটি আলাদা টিম চার দিন ধরে পুরো পৌর এলাকায় কুকুরের শরীরে ভ্যাকসিন প্রয়োগের কাজটি সম্পন্ন করবে। সমন্বিত এ উদ্যোগের ফলে এলাকাটিতে মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত হবে এবং জলাতঙ্কের ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা।

একই রাতে ছয় গরু চুরি 
সিরাজগঞ্জের রায়গঞ্জে একই রাতে পৃথক দুই বাড়ি থেকে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে চরম চোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। গত সোমবার রাতে উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল বাগিচা গোয়ালপাড়া ও আদিত্য বাড়িয়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শরিফুল ইসলামের গোয়ালঘর থেকে তিনটি গরু গাড়িতে তোলার সময় দেখতে পেয়ে চিৎকার করলে চোরেরা পালিয়ে যায়। অন্য দিকে একই রাতে দিনমজুর তরিফুল ইসলামের গোয়ালঘর থেকেও একটি ষাঁড়, একটি বকনা ও একটি গাভী চুরি হয়। সকালে উঠে সন্ধান চালিয়েও কোনো গরুর খোঁজ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রায়গঞ্জ থানার ওসি জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা।

সার ডিলারকে লাখ টাকা জরিমানা 
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ইউরিয়া সার বিক্রির অপরাধে বিএডিসির এক সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার শায়েস্তাগঞ্জে পরিচালিত অভিযানে ‘জননী ট্রেডার্স’ নামের এক প্রতিষ্ঠানে এ দণ্ড দেয়া হয়। জানা গেছে, সরকার নির্ধারিত এক হাজার ৩৫০ টাকা মূল্যের এক বস্তা ইউরিয়া সার কৃষকের কাছে এক হাজার ৯০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। শায়েস্তাগঞ্জ ইউএনও আসাদুজ্জামান এবং সংশ্লিষ্ট কৃষি দফতরের আক্তারুজ্জামানের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে অনিয়ম হাতেনাতে ধরা পড়ে। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ওই প্রতিষ্ঠানকে নগদ জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করে। কৃষকদের স্বার্থে সার বিক্রিতে নির্ধারিত মূল্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন জানিয়েছে। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা। 

পাটখড়ি বোঝাই ট্রাকে আগুন 
নাটোর-নলডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে পাটখড়ি বোঝাই একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাত ৯টার দিকে নলডাঙ্গা থানার বাসুদেবপুর বাজারসংলগ্ন সাজিপাড়া এলাকায় পাকা রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাক পাটখড়ি বোঝাই করে নলডাঙ্গার দিকে যাওয়ার পথে আচমকা ট্রাকে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকচালক মুক্তার হোসেন জানান, গাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নলডাঙ্গা থানা-পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও স্থানটি পরিদর্শন করেছে এবং বর্তমানে ওই আঞ্চলিক মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে। নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা। 

প্রতিবন্ধী কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক 
পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিদর্শন করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা: শুকরিয়া পারভীন। গত সোমবার সকালে পরিদর্শনে গিয়ে তিনি কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি সেবা নিতে আসা প্রতিবন্ধী শিশুদের সাথে সময় কাটান, তাদের হাতে চকোলেট তুলে দেন এবং খোঁজখবর নেন। জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধী শিশুরা বিশেষ নিয়ামত; তাদের সঠিক পরিচর্যা, শিক্ষা, ভালোবাসা ও সুযোগ দিলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। প্রতিবন্ধী শিশুদের প্রতি পরিবার ও সমাজকে আরো মানবিক হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক। পরিদর্শনকালে কেন্দ্রটিতে সেবার মান আরো উন্নত করতে সংশ্লিষ্টদের প্রতি তিনি প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা নির্বাচন অফিসার নাজমুল হাসানসহ স্বাস্থ্য সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পঞ্চগড় প্রতিনিধি।

হত্যা মামলায় যাবজ্জীবন 
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বহুল আলোচিত সাইদুল ইসলাম শাহীন হত্যা মামলায় মো: সাইফুল ইসলাম ওরফে রুবেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় অপর আসামি নূর উদ্দিনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে এবং চারজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গত সোমবার দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ মো: শওকত আলী এ রায় প্রদান করেন। ২০১২ সালের আগস্টে সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে সালিসি বৈঠকের সময় প্রতিপক্ষের লোহার রডের আঘাতে শাহীন মারা যান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত এ রায় দেন। নোয়াখালী প্রতিনিধি।