
পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে সুশীল সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে সমন্বয় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) লংগদু জোন সদরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় লংগদু জোনের বিদায়ী জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে সহযোগিতা ও সমন্বয়ের জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সভায় বিদায়ী জোন কমান্ডার লংগদু জোনের নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি-কে উপস্থিত সবার সাথে পরিচয় করিয়ে দেন।
এ সময় বিদায়ী জোন কমান্ডার বলেন, ‘লংগদুর নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সন্ত্রাসীদের অপতৎপরতা ও বিচরণ রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নবাগত জোন কমান্ডারের নেতৃত্বে এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার কার্যক্রম আরো এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সভায় লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। একই সাথে স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও এলাকার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়।
যেকোনো প্রয়োজনে লংগদু জোনের সাথে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার আহ্বান জানানো হয়।
সভায় নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, ৩৪ বীরের অধিনায়ক, লংগদু জোনের জেডএসও, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের সদস্য, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, লংগদু থানার অফিসার ইনচার্জ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







