লাশ উদ্ধার
ধলাই নদীতে অটোরিকশা দুর্ঘটনা: ২৪ ঘণ্টা পর ভেসে উঠল নিখোঁজ চালকের লাশ ছবি: নয়া দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর চালক প্রীতম এরিক (২৫)-এর লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীতে লাশটি ভেসে ওঠে।

এর আগে রোববার সকালে দুর্ঘটনার পর নিখোঁজ চালককে উদ্ধারে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের পাশাপাশি সিলেট থেকে আসা বিশেষ ডুবুরি দল প্রায় আট ঘণ্টা নদীতে তল্লাশি চালায়। তবে ওই সময় তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে যাত্রীদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নামিয়ে অটোরিকশা নিয়ে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর তীরে অটোরিকশাটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় চালক প্রীতম এরিকও পানিতে তলিয়ে যান। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও নদীতে তীব্র স্রোত থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে নদী থেকে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করা হয়। চালকের সন্ধান না পাওয়ায় সিলেট থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশি চালায়। দীর্ঘ সময় অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার ফারুক আহমদ জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। অটোরিকশাটি উদ্ধার করা সম্ভব হলেও চালককে পাওয়া যাচ্ছিল না। পরে ডুবুরি দলও নদীতে তল্লাশি চালানোর পরও ব্যর্থ হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কমর উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়ার পর পুলিশ ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে লাশ মৌলভীবাজার মর্গে পাঠায়।