
রাজশাহীর দামকুড়া থানার হরিপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে সালিস বৈঠক চলাকালে স্থানীয় সাংবাদিক জিয়াউল কবিরকে (৪৮) মারধর, গলা চেপে হত্যাচেষ্টা এবং নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) জিয়াউল কবির বাদী হয়ে দামকুড়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় পবার হরিপুর ইউনিয়নের ফেরদৌস রহমান খোকন (৫৫), ইসমাইল হোসেন পিন্টু (৬০), এজাহারুল হক কাকন (৫৭), আজিজুর রহমান (৬০) ও শহিদুল ইসলামকে (৩৫) এজাহারনামীয় আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, হরিপুর মৌজার সোনাইকান্দি জঙ্গলপাড়া এলাকার জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আদালতের নির্দেশে গত ১০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে সালিস বৈঠক বসে। বৈঠকে ক্ষতিপূরণ দেয়ার বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে সাংবাদিক জিয়াউল কবির বিরোধটি পুনরায় উচ্চ আদালতে পাঠানোর পরামর্শ দেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন এবং সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালান বলে এজাহারে উল্লেখ করা হয়।
এ সময় তার গলা চেপে ধরার পাশাপাশি ইট-পাথর দিয়ে ডান হাতের কব্জিতে আঘাত করা হয়। একপর্যায়ে ফেরদৌস রহমান খোকন তার বুকপকেট থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যান বলেও অভিযোগ করা হয়েছে। পরে উপস্থিত ইউপি সদস্যসহ অন্যরা তাঁকে উদ্ধার করে পরিষদের একটি কক্ষে নিয়ে যান। ঘটনাস্থল ছাড়ার সময় আসামিরা তাঁকে প্রাণনাশের হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম গণমাধ্যমকে জানান, সাংবাদিকের লিখিত এজাহারের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।







