মঞ্চ
রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত সিলেট ছবি: নয়া দিগন্ত

রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত সিলেট। নগরীতে নাগরিক সংবর্ধনার জন্য ইতোমধ্যে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন মঞ্চ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। 

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রথমবারের মতো এক দিনের সফরে সিলেট আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ১৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর তিনি হযরত শাহজালাল রহ: এর মাজার জিয়ারত করবেন। দুপুরে হযরত শাহপরান রহ: এর মাজার জিয়ারত শেষে বিকেলে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় যোগ দেয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতির আগমন ঘিরে নাগরিকদের মধ্যেও তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। সংবর্ধনা সফল করতে মঞ্চ প্রস্তুতসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিও।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রপতির সফর ঘিরে নগরবাসীর মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। নাগরিক সংবর্ধনায় সেই প্রত্যাশার প্রতিফলন ঘটবে।

এদিকে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতিও রয়েছে। বিমানবন্দর, দুই মাজার ও সংবর্ধনাস্থলসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতেও নেয়া হয়েছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা।

রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রায় ১২০০ সদস্য এবং প্রায় দুই হাজার ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবেন। পাশাপাশি র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় থাকবেন। মাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যও মোতায়েন থাকবে।

সোমবার দুপুরে হযরত শাহজালাল রহ: এর মাজারের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি বলেন, রাষ্ট্রপতির সফরের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসএসএফ, এসএমপি, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের সমন্বয়ে পরিকল্পনা নেয়া হয়েছে।