সংসদ সদস্য
ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চবিদ্যালয়ে এমপি তমিজ উদ্দিন ছবি: নয়া দিগন্ত

‘ধামরাইয়ের সরকারি খাস জমি বা ভিপি জমি কোনো প্রভাবশালী ব্যক্তি ভোগদখল করে রাখতে পারবে না’ বলে জানিয়েছেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। তিনি বলেন, ‘সব অবৈধ দখলদারকে উচ্ছেদ করে সরকারি সম্পদ জনগণের স্বার্থে ফিরিয়ে আনা হবে।’

সোমবার (১৪ সেপ্টেম্বর) ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চবিদ্যালয়ের নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে তমিজ উদ্দিন বলেন, ‘শিক্ষা অবকাঠামো এবং আইনশৃঙ্খলা উন্নয়নে আমরা বদ্ধপরিকর। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। ধামরাইয়ের প্রতিটি শিশুকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত হতে হবে।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষকেরা হলেন সমাজ গড়ার কারিগর। তাই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের শিক্ষাও দিতে হবে। একই সাথে নতুন প্রজন্মকে মাদক, কুসংস্কার ও সব ধরনের অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হবে।’

বিদ্যালয়ের নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনকালে এ সময় উপস্থিত ছিলেন—ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, কুশুরা নবযুগ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়ামুল কবির, কুশুরা আব্বাস আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।