
গাজীপুরের কালিয়াকৈরে এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং একই গ্রুপের জেনিথ ফুটওয়্যার লিমিটেডে শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভের পর শ্রমিকদের সাথে সুস্থ, ইতিবাচক ও দীর্ঘমেয়াদি শিল্পসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার ভিত্তিতে কর্মপরিবেশের উন্নয়ন এবং শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
সম্প্রতি এক বিবৃতিতে এপেক্স ফুটওয়্যার লিমিটেড জানায়, প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও সাফল্যের অন্যতম প্রধান শক্তি তাদের কর্মীরা। তাদের কল্যাণ, নিরাপত্তা, মর্যাদা এবং কর্মপরিবেশের ধারাবাহিক উন্নয়নকে প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে।
বিবৃতিতে বলা হয়, একটি প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতির জন্য কর্মী ও ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক আস্থা, উন্মুক্ত যোগাযোগ এবং গঠনমূলক সহযোগিতা অপরিহার্য। এ লক্ষ্যেই কর্মীদের সাথে নিয়মিত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে একসাথে কাজ করছে প্রতিষ্ঠানটি।
ভবিষ্যতেও পারস্পরিক বোঝাপড়া ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ ও উৎপাদনশীল কর্মপরিবেশ গড়ে তোলা এবং দায়িত্বশীল শিল্পসম্পর্ককে আরো সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এপেক্স।
শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপট
গত ৮ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধি ও বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করেন। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ বেলা সাড়ে ১১টার দিকে সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করেন।
একই দিন এপেক্সের ছুটি ঘোষণার পর গ্রুপের আরেক প্রতিষ্ঠান জেনিথ ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকরাও কর্মবিরতি শুরু করেন। তাদের একাংশ কারখানা থেকে বের হয়ে ভান্নারা-মৌচাক বাজার এলাকায় জড়ো হন। শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ১৪ দফা দাবি উত্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে ছিল ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান, কর্মক্ষেত্রে শ্রমিকের মৃত্যুর ঘটনার জবাব ও বিচার, শ্রমিকদের মারধর বা নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা, কোনো শ্রমিককে ছাঁটাই না করা, কারখানার চিকিৎসাকেন্দ্র ২৪ ঘণ্টা চালু রাখা এবং এক সপ্তাহের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণকাজ শুরু করা।
এ ছাড়া ছুটির টাকা পূর্ণ পরিশোধ, ছুটি নিলে হাজিরা বোনাস না কাটা, সুপারভাইজার ও কর্মকর্তাদের দুর্ব্যবহার বন্ধ, হাজিরা বোনাস এক হাজার টাকা এবং টিফিন বিল ৪০ টাকা করার দাবিও জানান শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ ছিল, ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিভাগের কয়েকজন কর্মকর্তার আচরণ সন্তোষজনক নয়। এসব দাবির সমাধান না হওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার কথাও জানিয়েছিলেন তারা।
ওই দিন গাজীপুরের কয়েকটি শিল্পকারখানায় বিচ্ছিন্ন শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সন্ধ্যার দিকে পরিস্থিতির উন্নতি হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সে সময় জানান, এপেক্স ও জেনিথ ফুটওয়্যারের শ্রমিকরা আগে থেকেই বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন। তিনি আরো উল্লেখ করেন, চামড়াজাত পণ্য উৎপাদনকারী কারখানার মজুরি কাঠামো বিজিএমইএর আওতাধীন পোশাক কারখানার মজুরি কাঠামোর সাথে এক নয়।
শিল্পসংশ্লিষ্টদের মতে, পোশাক ও জুতা উৎপাদন খাতের শ্রমিকদের মজুরি, সুযোগ-সুবিধা এবং কর্মপরিবেশ নিয়ে অসন্তোষ নিরসনে কার্যকর সংলাপ ও ব্যবস্থাপনা পর্যায়ে জবাবদিহি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে শ্রমিকদের দাবি-দাওয়া গুরুত্বের সাথে বিবেচনা, অভিযোগের নিরপেক্ষ নিষ্পত্তি এবং ব্যবস্থাপনা ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে নিয়মিত যোগাযোগ শিল্পসম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








