
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়া কুষ্টিয়ার কুমারখালীর মেধাবী শিক্ষার্থী মো: আলামিন হোসেনের পাশে দাঁড়িয়েছে রাষ্ট্র মালিকানাধীন বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি।
আলামিন হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের রাজাপুর গ্রামের ভ্যানচালক আলেফ আলীর বড় সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী।
আর্থিক সঙ্কটের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার শিক্ষাজীবন অব্যাহত রাখা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। সম্প্রতি এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা সোনালী ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। পরবর্তী সময়ে ব্যাংক কর্তৃপক্ষ আলামিনের পরিবারের সাথে যোগাযোগ করে তার শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে সহায়তার উদ্যোগ গ্রহণ করে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় আলামিন হোসেনের শিক্ষা ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার চেক আলামিন হোসেনের কাছে হস্তান্তর করেন।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: শওকত আলী খান, পরিচালনা পর্ষদের পরিচালক ও ব্যাংকের কোম্পানি সেক্রেটারি উপস্থিত ছিলেন। পাশাপাশি তার শিক্ষাজীবন সমাপ্ত না হওয়া পর্যন্ত সোনালী ব্যাংকের পক্ষ থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হবে।









