
ঢাকার শ্যামলীতে মাইকেয়ার হেলথ লিমিটেড হাসপাতালে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন করা হয়েছে। শুধু চিকিৎসা নয়, সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার পথচলায় ফিজিওথেরাপির গুরুত্ব তুলে ধরতে এ উপলক্ষে এক সচেতনতামূলক ও জ্ঞানভিত্তিক আলোচনা সভা আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলীতে হাসপাতালটির সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফিজিওথেরাপির ভূমিকা, চিকিৎসা, পুনর্বাসন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও নিয়মিত শারীরিক কার্যক্রমের গুরুত্ব নিয়ে আলোচনা, মতবিনিময় ও সচেতনতামূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাইকেয়ার হেলথ লিমিটেডের চিফ কনসালট্যান্ট ডা: শেখ মো: আব্দুল্লাহ আল রাফি। মাইকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন অর্থোপেডিক সার্জন ডা: মোহাম্মাদ ওসমান গনি, প্রধান ফিজিওথেরাপিস্ট ইমরান হোসাইন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ইসলাম খান প্রমুখ।
বক্তারা বলেন, রোগ বা আঘাতের পর একজন মানুষকে তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে চিকিৎসার পাশাপাশি পরিকল্পিত পুনর্বাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ফিজিওথেরাপি ও নিয়মিত শারীরিক কার্যক্রম, শারীরিক সক্ষমতা, চলাফেরা এবং দৈনন্দিন কাজের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
বক্তারা ফিজিওথেরাপি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ, সক্রিয় ও সচেতন সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করেন প্রধান অতিথি ডা: শেখ মো: আব্দুল্লাহ আল রাফি ও মাইকেয়ারের সিইও মো: জহিরুল ইসলামসহ অতিথিরা।
অনুষ্ঠানে হাসপাতালটির রোগী, চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, স্বাস্থ্যসেবাকর্মী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।







