
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে দেশের চা উৎপাদন টেকসই করতে খরাসহিষ্ণু চায়ের সম্ভাবনাময় জিনোটাইপ শনাক্ত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকেরা। পাঁচটি চায়ের জিনোটাইপ ও একটি প্রচলিত জাতের ওপর তুলনামূলক গবেষণা চালিয়ে ‘বি/৮/৯৩’ নামের জিনোটাইপটিকে সবচেয়ে খরাসহিষ্ণু হিসেবে চিহ্নিত করেছেন তারা। পাশাপাশি ‘এমজেড/৩৯’ জিনোটাইপটিও মাঠপর্যায়ে ভালো অভিযোজন ক্ষমতার পরিচয় দিয়েছে।
এ গবেষণায় নেতৃত্ব দেন বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: আশরাফুজ্জামান। তার সাথে ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) পরিচালক ড. ইসমাইল হোসেনসহ একদল গবেষক।
জলবায়ু পরিবর্তনের কারণে দেশে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও খরার প্রবণতা বাড়ছে। এতে দেশের অন্যতম অর্থকরী ফসল চায়ের উৎপাদনও হুমকির মুখে পড়ছে। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের চা বাগানগুলোতে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে চা গাছের নতুন কুঁড়ি গজানো, পাতার বৃদ্ধি ও সামগ্রিক উৎপাদন ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে খরাসহিষ্ণু চায়ের জিনোটাইপ শনাক্তের এই গবেষণাকে চা শিল্পের জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন গবেষকেরা।
‘স্ক্রিনিং অফ বাংলাদেশ টি (ক্যামেলিয়া সিনেনসিস (এল) কুন্টজে) জিনোটাইপস ফর ড্রাউট টলারেন্স’ শীর্ষক গবেষণাপত্রটি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা আটলান্টিস প্রেস থেকে প্রকাশিত ‘প্রসিডিংস অফ দ্য ইন্টারন্যাশনাল টি সিম্পোজিয়াম’ গ্রন্থে প্রকাশিত হয়েছে।
গবেষণায় এ/১৭/৭, এমজেড/৩৯, এসএইচ/৯/৬৫, বি/৮/৯৩ ও এ/৮/৮—এই পাঁচটি জিনোটাইপের পাশাপাশি তুলনার জন্য প্রচলিত বিটি-২ জাত অন্তর্ভুক্ত করা হয়। নার্সারি ও মাঠপর্যায়ে বিভিন্ন মাত্রায় মাটির আর্দ্রতা কমিয়ে গাছের উচ্চতা, শিকড়ের দৈর্ঘ্য, আয়তন, শুষ্ক পদার্থের পরিমাণ, পাতার আপেক্ষিক পানির পরিমাণ এবং প্রোলিনসহ বিভিন্ন শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য বিশ্লেষণ করেন গবেষকেরা।
গবেষণার ফলাফলে দেখা যায়, পাঁচটি জিনোটাইপের মধ্যে বি/৮/৯৩ সবচেয়ে বেশি খরাসহিষ্ণু। অন্যদিকে এ/৮/৮ জিনোটাইপটি খরার প্রতি সবচেয়ে বেশি সংবেদনশীল। মাঠপর্যায়ের পরীক্ষায় বি/৮/৯৩ জিনোটাইপের গড় উচ্চতা পাওয়া গেছে ৬৭ দশমিক ৫ সেন্টিমিটার। প্রতিটি গাছে গড়ে ৭ দশমিক ৬০টি শাখাও পাওয়া গেছে। এছাড়া জিনোটাইপটিতে পলিফেনল ও ক্যাটেচিনের উপস্থিতি চায়ের গুণগত মান বজায় রাখার ক্ষেত্রেও ইতিবাচক সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।
গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ-খাইয়ে চা শিল্পের দীর্ঘমেয়াদি উৎপাদনশীলতা ও স্থায়িত্ব বজায় রাখতে খরাসহিষ্ণু জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বি/৮/৯৩ ও এমজেড/৩৯ জিনোটাইপ দু’টি ভবিষ্যতে চায়ের উন্নত ও জলবায়ুসহিষ্ণু জাত উদ্ভাবনের প্রজনন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে জিনোটাইপ দু’টিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের আগে দেশের বিভিন্ন চা উৎপাদন অঞ্চলে একাধিক মৌসুমে পরীক্ষা, ফলন তুলনা, চায়ের গুণগত মান যাচাই এবং অর্থনৈতিক বিশ্লেষণ প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকেরা। এসব পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেলে ভবিষ্যতে খরাসহিষ্ণু চায়ের নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে দেশের চা শিল্প জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরো সক্ষম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








