মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। নয়া দিগন্ত

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিংস ২০২৭-এ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ৫০১ থেকে ৬০০তম অবস্থানে রয়েছে। পাশাপাশি বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে।

বুধবার (১৮ নভেম্বর) এ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কিউআরআরসি সচিব অধ্যাপক ড. জিয়াউর রহমানের বরাতে জানা গেছে, ১৮ নভেম্বর প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবি সামগ্রিকভাবে ৩৮ দশমিক ৩ স্কোর অর্জন করেছে। এর মধ্যে ইনপুট পিলারে ২৬ দশমিক ৬ এবং আউটপুট পিলারে সর্বোচ্চ ৪৫ স্কোর পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। 

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম এ অর্জনে সংশ্লিষ্ট কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাবেক শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির বলেন, ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক হিসেবে আমি এই সাফল্যের পেছনে মাননীয় ভিসি ও প্রো-ভিসি মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব, শিক্ষকবৃন্দের নিরলস গবেষণা এবং শিক্ষার্থীদের মেধার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আগামীতে রিসার্চ প্রসেস ও আউটপুট পিলারে আরো গুরুত্ব দিয়ে বিশ্ব র‍্যাংকিংয়ে মাভাবিপ্রবিকে আরো সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে আইকিউএসি বদ্ধপরিকর।’