
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ (২০২৬-২৭) ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এ দিন (বৃহস্পতিবার) দু’টি কেন্দ্রে (রুয়েট ও বুয়েট) অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ভিসি প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি প্রফেসর ড. মো: কামরুজ্জামান।
সভার সিদ্ধান্ত অনুসারে, স্নাতক প্রথম বর্ষ (২০২৬-২৭) ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৮ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৩ সালে অথবা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।
এছাড়াও প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে ন্যূনতম জিপিএ ১৩ পেতে হবে। তবে এই তিনটি বিষয়ের প্রতিটিতে পৃথকভাবে ন্যূনতম জিপি ৪.০০ থাকতে হবে।
এছাড়াও প্রার্থী জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় পাস করে থাকলে, তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে পাস করতে হবে।
জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথক পৃথক ভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেয়ে পাস হতে হবে। সেইসাথে প্রার্থীকে ২০২৫ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ের সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সভায় গ্রহণ করা হবে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








