ছাত্রদলের বিক্ষোভ মিছিল, (ডানে) গোপনীয় শাখার ৩২৮ নম্বর কক্ষের ভাঙা দরজা
ছাত্রদলের বিক্ষোভ মিছিল, (ডানে) গোপনীয় শাখার ৩২৮ নম্বর কক্ষের ভাঙা দরজা। নয়া দিগন্ত

ছাত্রলীগকে সহযোগিতার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই কর্মকর্তাকে মারধর করা হয়েছে। মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে এ ঘটনা ঘটে। এ সময় ভবনের তৃতীয় তলায় একটি কক্ষের দরজাও ভাঙচুর করা হয়।

মারধরের শিকার দুই কর্মকর্তা হলেন— বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস ও আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসান।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সদস্যসচিব রাফিজ আহমেদের নেতৃত্বে ২০-৩০ জন নেতাকর্মী ঘটনার সময় উপস্থিত ছিলেন।

আরো জানা যায়, এদিন দুপুরে সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ঝাল চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনে কয়েক দফা শোডাউন দেয়।

পরে মিছিল শেষে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের নেতৃত্বে নেতাকর্মীরা প্রশাসন ভবনে গিয়ে চন্দন কুমার দাসের কক্ষে প্রবেশ করেন এবং তাকে মারধর করেন। পরে একই ভবনে যাওয়ার পথে মেহেদী হাসানকেও মারধর করা হয়। এ সময় মেহেদী হাসান গোপনীয় শাখার একটি কক্ষে আশ্রয় নিলে সেই কক্ষের দরজা ভাঙচুর করা হয়।

ভুক্তভোগী চন্দন কুমার দাস বলেন, ‘আমি নিজ কক্ষে বসে ভাত খাচ্ছিলাম। ছাত্রদলের নেতাকর্মীরা হঠাৎ কক্ষে এসে আমাকে মারধর শুরু করে। এতে আমার ঠোঁট কেটে যায় এবং শার্ট ছিঁড়ে যায়। কেন আমাকে মারধর করা হয়েছে, তা আমি জানি না।’

মেহেদী হাসান বলেন, ‘আমি একটি কাজে পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের দিকে যাচ্ছিলাম। এ সময় ‘ধর শালাকে’ বলে কয়েকজন আমাকে মারধর শুরু করে। কোনো রকমে ছুটে গিয়ে তিন তলার একটি কক্ষে আশ্রয় নেই। মারধরে আমার পা কেটে যায়, মাথাতেও আঘাত লাগে। পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছি।’

অভিযোগের বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ‘আমরা তার কক্ষে গেলে দেখি, তিনি ছাত্রলীগের সাথে জুম মিটিংয়ে ছিলেন। আমাদের কাছে তথ্য আছে, চন্দন ছাত্রলীগকে অর্থ দিয়ে হামলায় সহযোগিতা করেন। কিছুদিন আগে ভাটই বাজারে শিক্ষার্থীদের বাসে হামলার অর্থের জোগানও তিনিই দিয়েছিলেন। ছাত্রদলের ছেলেরা তাকে সম্ভবত দুই-একটা চড়-থাপ্পড় মেরেছে।’

মেহেদী হাসানকে মারধরের বিষয়ে তিনি বলেন, ‘তার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে তার সাথে কথা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ঘটনাটি শুনেছি, তবে কে বা কারা সেখানে গিয়েছিল, আমাকে জানানো হয়নি। তারা মারধর করেছে কি-না, সেটিও জানি না।’

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘মারধরের বিষয়টি শুনেছি। ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’