বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সংগৃহীত

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সংক্রান্ত গত ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলো এখন থেকে তাদের নিজস্ব আইন অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ইউজিসির সব সদস্য এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিরা এ সভায় অংশ নেন।

ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত ভিসিদের সভায় ২০২৬ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছিল।

ওই সিদ্ধান্তের ফলে সৃষ্ট ভুল বোঝাবুঝি নিরসন এবং ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্পষ্টীকরণের লক্ষ্যে আজকের এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের আইনগত ক্ষমতা, অ্যাকাডেমিক স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, গত ৯ নভেম্বরের সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ অ্যাকাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে নিজ নিজ ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা ও অ্যাকাডেমিক বিষয়ে প্রযোজ্য আইনগত কাঠামোর মধ্যে তাদের স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে বলে সভায় উল্লেখ করা হয়। বাসস