
১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপহার দেয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রথম বাসটি নিলামে বিক্রি করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘদিন ধরে বাসটি ক্যাম্পাসের ঐতিহ্য হিসেবে সংরক্ষণের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এ দাবিতে এর আগে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) বরাবর স্মারকলিপিও দিয়েছিলেন তারা। তবে সেই দাবি উপেক্ষা করে বাসটি বিক্রি করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
গত ১৫ নভেম্বর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুরোনো তিনটি নন-এসি বাস, বিভিন্ন আকারের টায়ার-টিউব ও লোহালক্কড় বিক্রির জন্য উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলীর স্বাক্ষরিত নিলাম বিজ্ঞপ্তিতে এসব মালামাল বিক্রির তথ্য জানানো হয়। নিলামে বিক্রির তালিকায় ছিল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হওয়া প্রথম বাসটিও।
জানা যায়, বাসটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ছিল। ২০২৪ সালে বাসটি নিলামে বিক্রির উদ্যোগ নেয়া হলে এর পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ভাস্কর্যের আদলে সংরক্ষণের দাবি জানায় শিক্ষার্থীরা। এ দাবিতে গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপিও ভিসি বরাবর জমা দেন তারা। তবে বাসটি সংরক্ষণ করা হলে এর বিনিময়ে নতুন বাস পাওয়া যাবে না বলে তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আলী বলেন, ‘আজকে নাকি বিশ্ববিদ্যালয়ের পুরাতন বাসগুলো নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম সময়কার একটি বাস স্মৃতি হিসেবে রেখে দিতে পারতেন প্রশাসন মহোদয়। এর আগে একবার পুরাতন বাসগুলো বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কারণে তা করতে পারেনি। নিলামে তিনটি বাসের ভেতর একটি বাস অন্তত স্মৃতি হিসেবে রাখুক।’
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মির্জা ওয়ালিদ হোসেন শিপন বলেন, ‘এই বাসটি ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে উপহার দিয়েছিলেন। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইবিকে দেয়া এই বাসটিই ছিল বেগম খালেদা জিয়ার প্রথম উপহার। এই স্মৃতিটাকে নিলামের মাধ্যমে বিক্রয় করার খবরটি আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।’
এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ সময় ধরে এই বাসটির সাথে বিশ্ববিদ্যালয়ের অগণিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর গভীর আবেগ, ভালোবাসা এবং অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। ইবির এমন একটি ঐতিহাসিক ও আবেগঘন স্মারক নিলামে বিক্রি করে দেয়া কোনোভাবেই কাম্য নয়। ঐতিহ্য রক্ষার স্বার্থে অবিলম্বে উক্ত বাসটির নিলাম প্রক্রিয়া বাতিল করে এটিকে যথাযথ মর্যাদায় ক্যাম্পাসে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইদ্রিস আলী জানান, শিক্ষার্থীদের এ দাবি সম্পর্কে তিনি অবগত নন। তবে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই বাসগুলো বিক্রি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাস সঙ্কটের বিষয়ে ইউজিসিকে জানানো হয়েছে। আগামী বছরের বাজেটে এ বিষয়ে বরাদ্দ পাওয়া যেতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








