
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪১টিতেই স্থায়ী প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে এসব বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম। অন্যদিকে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদটিও গত তিন মাস ধরে শূন্য রয়েছে। এ সময়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে চলছে শিক্ষা অফিসের কার্যক্রম। এতে শিক্ষা প্রশাসনের তদারকি ও বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে মোট ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪১টি বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্তদের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাকি ৬৭টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকলেও সামগ্রিক শিক্ষক সঙ্কট রয়েছে। কোথাও তিন-চারজন শিক্ষক দিয়ে চলছে পাঠদান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জানান, উপজেলার অনেক বিদ্যালয়েই শিক্ষক সঙ্কট প্রকট। কোথাও তিন-চারজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হলে তাকে দাফতরিক কাজের জন্য প্রায়ই উপজেলা শিক্ষা অফিসে যাতায়াত করতে হয়। এতে নিয়মিত পাঠদান ব্যাহত হয়। দ্রুত স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হলে এ ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
উপজেলার একটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসেকুল আলম রোমান সরকার বলেন, ‘প্রতিদিনই নানা ধরনের দাফতরিক কার্যক্রম সামলাতে হয়। দাফতরিক কাজ ও মিটিং নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে মাঝেমধ্যে ইচ্ছা থাকা সত্ত্বেও ঠিকমতো ক্লাস নেয়া সম্ভব হয় না। দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হলে শিক্ষার্থীদের ভোগান্তি কিছুটা লাঘব হতো।’
এদিকে, প্রধান শিক্ষক সঙ্কটের পাশাপাশি ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পদটিও গত তিন মাস ধরে শূন্য রয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে শিক্ষা প্রশাসনের নিয়মিত তদারকি ও সমন্বয় কার্যক্রমেও বিঘ্ন ঘটছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জয়নাল আবেদিন বলেন, ‘উপজেলায় ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে বর্তমানে ৪১টি বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে। এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পদটিও তিন মাস ধরে শূন্য রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নামের তালিকাও পাঠানো হয়েছে। প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক ও দাফতরিক কাজের কারণে মাঝেমধ্যে শিক্ষা কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটছে।’
এদিকে, বদলিজনিত কারণে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন তিন মাস আগে দায়িত্ব ছাড়েন। তার স্থলাভিষিক্ত হয়ে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জয়নাল আবেদিন বর্তমানে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








