রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তির আবেদন আহ্বান। সংগৃহীত

ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে শতভাগ বৃত্তির সুযোগ নিয়ে এসেছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মৃত শিল্পা চাকমার স্মরণে প্রবর্তিত ‘শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তি’র আওতায় ২০২৭ সালের শীতকালীন সেমিস্টারে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কোন কোন বিষয়ে পড়া যাবে?

এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৭ সালের শীতকালীন সেমিস্টারে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগে স্নাতক পর্যায়ে সম্পূর্ণ বিনা বেতনে (শতভাগ বৃত্তিতে) অধ্যয়নের সুযোগ পাবেন। 

বিভাগগুলো হলো—

সংগীত

নাট্যকলা

নৃত্যকলা

ব্যবসায় প্রশাসন

ফ্যাশন ডিজাইন

আবেদনের যোগ্যতা ও উদ্দেশ্য

উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি তাদের সৃজনশীল ও পেশাগত দক্ষতা বিকাশে সহায়তা করাই এ বৃত্তির অন্যতম প্রধান উদ্দেশ্য।

কর্তৃপক্ষের বক্তব্য

বৃত্তির লক্ষ্য ও উদ্দেশ্য প্রসঙ্গে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খান বলেন, ‘আমাদের উদ্দেশ্য, শিল্পা চাকমার স্মৃতিকে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির একটি স্থায়ী উদ্যোগে রূপ দেয়া। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা বিকাশের মাধ্যমে তাদের শিক্ষা ও পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাই এ বৃত্তির মূল লক্ষ্য।’

আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন আবেদন ফরমের (https://tuca.edu.bd/shilpachakmascholarshipform/) মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

বৃত্তির শর্ত, যোগ্যতা, নির্বাচনপ্রক্রিয়া ও আবেদনসংক্রান্ত যেকোনো বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিভাগে ০১৩২৩৭২৮৮৮১ নম্বরে যোগাযোগ করা যাবে। 

এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.tuca.edu.bd) ভিজিট এবং অফিশিয়াল ফেসবুক ও লিংকডইন পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তির পটভূমি

শিল্পা চাকমা ছিলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। ২০২২ সালের আগস্টে কক্সবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার স্মৃতিকে অম্লান রাখতে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়িয়ে দিতে ২০২২ সালেই তার নামে ‘শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তি’ প্রবর্তন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

(গণমাধ্যম অনুসন্ধানের জন্য যোগাযোগ: মো. মনিরুল ইসলাম রিন্টু, রেজিস্ট্রার, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়। ইমেইল: info@tuca.edu.bd | মোবাইল: +8801716-120438)