
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসেন রাফির বিরুদ্ধে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে হলের অফিসকক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত একজন কর্মচারীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ও আহতদের অবস্থা
প্রত্যক্ষদর্শী ও হল সূত্রে জানা গেছে, মারধরের শিকার দুই কর্মচারী হলেন—বিজয়-২৪ হলের এমএলএসএস মো: ময়নুল ইসলাম এবং সিনিয়র অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো: মারুফুর রহমান।
সংশ্লিষ্টরা জানান, ছাত্রদল নেতা রাফির একটি অফলাইন অ্যাডমিট কার্ড গত বৃহস্পতিবার হল প্রভোস্টের স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু রোববার পর্যন্ত স্বাক্ষরিত সেই কার্ডটি সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়নি। মূলত এ নিয়েই কর্মচারীদের সাথে তার বিরোধের সূত্রপাত হয়। ঘটনার পর আহত কর্মচারী মো: ময়নুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী কর্মচারীর বক্তব্য
ঘটনার বর্ণনা দিয়ে সিনিয়র অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো: মারুফুর রহমান বলেন, ‘ঘটনার দিন আমি ও ময়নুল দাফতরিক কাজ করছিলাম। এ সময় ছাত্রদল নেতা রাফি হঠাৎ ময়নুলের ওপর চড়াও হন এবং তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ঘুষি মারেন। আমি তাকে বাঁচাতে গেলে রাফি আমাকেও আঘাত করেন।’
অভিযোগ অস্বীকার করে যা বললেন ছাত্রদল নেতা
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা রিফাত হোসেন রাফি বলেন, ‘হলের কম্পিউটার অপারেটর মো: মারুফুর রহমান ও ময়নুল ইসলাম দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা নিয়ে তাদের কাছে গেলেও যথাসময়ে সমাধান পান না। এর ধারাবাহিকতায় আমার একটি অফলাইন অ্যাডমিট কার্ড বৃহস্পতিবার প্রভোস্ট স্বাক্ষর করার পরও রোববার পর্যন্ত বিভাগে পাঠানো হয়নি। পরে এ বিষয়ে জানতে চাইলে সাথে সাথেই কার্ডটি দিয়ে দেয়া হয়।’
তিনি আরো বলেন, ‘হলের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে জবাবদিহি চাইতে আমি ও অন্য শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়েছিলাম। এ সময় এক শিক্ষার্থী সার্টিফিকেটে স্বাক্ষরের জন্য প্রায় চার ঘণ্টা অপেক্ষা করছিলেন। এসব বিষয়ে জবাবদিহি চাওয়ায় এখন আমার বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
রাফি আরো দাবি করেন, ‘সেখানে হল প্রভোস্ট ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা প্রত্যক্ষদর্শী হিসেবে বলতে পারবেন, সেখানে কোনো মারামারি বা হাতাহাতির ঘটনা ঘটেনি।’
চিকিৎসক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ
আহত কর্মচারীর চিকিৎসার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার ডা: এ এম এম শাহরিয়ার বলেন, ‘আমরা আহত কর্মচারীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং কিছু ওষুধ সরবরাহ করেছি। পরবর্তীতে তাঁকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলেছি। হল প্রভোস্টকে তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে। হল প্রশাসনের সিদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হল প্রশাসনের
বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো: হারুন-আল-রশিদ বলেন, ‘ঘটনাটি জানার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভাইস চ্যান্সেলরকে অবহিত করা হয়েছে। প্রক্টরও ঘটনাস্থলে এসেছিলেন। হলের পক্ষ থেকে আগামীকাল একটি সভা ডাকা হয়েছে। সভায় তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘এখানে দুটি বিষয় রয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি অভিযোগ অস্বীকার করেছেন। প্রকৃত ঘটনা কী, তা আমরা এখনই বলতে পারছি না। কারণ, ঘটনার সময় আমরা সেখানে উপস্থিত ছিলাম না। তাই তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে। যাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, তিনি লিখিত অভিযোগ দিলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’
আহত কর্মচারীর শারীরিক অবস্থার বিষয়ে প্রভোস্ট বলেন, ‘আমি তার খোঁজখবর নিয়েছি। তিনি হাসপাতালে রয়েছেন। বর্তমানে তার ব্যথা কমানোর জন্য ওষুধ দেয়া হয়েছে। চিকিৎসক আসার পর তাঁর পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








