কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‌্যালি
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‌্যালি। নয়া দিগন্ত

সারাদেশে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির অগ্নিসংযোগ, সহিংসতা, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যালি ও সমাবেশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত পরিবর্তন নস্যাৎ করতে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নৈরাজ্য, সন্ত্রাস ও অগ্নিসংযোগের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

তারা আরো বলেন, এসব কর্মকাণ্ডে জড়িত ও উসকানিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো দেশে দমন-পীড়ন, হত্যা, গুম ও নির্যাতন চালিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর তারা আত্মগোপনে গেলেও আবারো বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।’

তিনি আরো বলেন, ‘অগ্নিসংযোগ, হামলা ও নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একইসাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা ও উসকানির সাথে জড়িতদের চিহ্নিত করে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন, আল-কোরআন বিভাগের অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝি, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবদুল করিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।