
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সার্বিক সঙ্কট নিরসন ও দাবিদাওয়া পূরণ করা অসম্ভব নয় বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত বিভাগীয় এই বিশ্ববিদ্যালয়টির সকল সঙ্কট দ্রুত সমাধান করা হবে।’
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষামন্ত্রীর কাছে বিভিন্ন সঙ্কটের কথা তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এহছানুল হক মিলন বলেন, ‘ভিসি আমাকে বেশ কিছু সঙ্কটের কথা জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এসব সমাধানের চেষ্টা করা হবে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে দুটি ইলেকট্রনিক বাস দেয়ার প্রতিশ্রতি দেন তিনি।
তিনি বলেন, ‘২০২৬-২৭ অর্থবছরে অ্যাকাডেমিক ভবন ও অডিটোরিয়ামের জন্য শিগগিরই বাজেট দেয়া হবে। এরপর আবাসিক হলসহ অন্য অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দেয়া হবে।’
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ইটের রাস্তার হাঁটতে আমার ভালো লাগেনি। আমরা চেষ্টা করবো দ্রুত সময়ে পাঁকা রাস্তার ব্যবস্থা করবো।’
শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘২০০১-২০০৬ মেয়াদে শিক্ষাব্যবস্থাকে যে অবস্থানে রেখে আসা হয়েছিল, এখন সেখানে নেই। বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে পেছনের দিকে নিয়ে গেছে। সরকার ভোকেশনাল শিক্ষায় গুরুত্ব দিচ্ছে।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘পড়াশোনায় কোনো ধরনের অসাধুতা রাখা যাবে না। মুখস্থনির্ভর পড়াশোনার দিন শেষ হয়ে গেছে।’
আধুনিক পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তা নেয়ার ওপর জোর তিনি বলেন, ‘এখন জ্ঞানভিত্তিক পড়াশোনা করতে হবে ও সেই জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে জানতে হবে। আগামীর বিশ্বে নেতৃত্ব দেয়ার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. মো: মামুন অর রশিদ। সম্মানিত অতিথি ছিলেন ইউট্যাবের মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি প্রফেসর ড. গোলাম রব্বানী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








