বাউবি
ফলাফল প্রকাশের সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নয়া দিগন্ত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ। এ পরীক্ষায় ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। ছাত্রীরা পাস করেছেন ৬৮ দশমিক ২১ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ৬২ দশমিক ১০ শতাংশ।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসির দফতরের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগ সূত্রে জানা যায়, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে মোট নিবন্ধিত শিক্ষার্থী ছিলেন ৪৬ হাজার ৭৬৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী ১৬ হাজার ২২২ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন।

উত্তীর্ণদের মধ্যে ১৬ জন জিপিএ-৫ ছাড়াও ‘এ’ গ্রেডে এক হাজার ৫০৮ জন, ‘এ মাইনাস’ গ্রেডে তিন হাজার ৩০২ জন, ‘বি’ গ্রেডে তিন হাজার ৫২৪ জন, ‘সি’ গ্রেডে দুই হাজার ১০৭ জন এবং ‘ডি’ গ্রেডে ৪৬ জন রয়েছেন।

বিভাগভিত্তিক ফলাফলে মানবিক শাখায় ১৫ হাজার ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন নয় হাজার ৯১৭ জন। এ বিভাগে পাসের হার ৬৫ দশমিক ৭৩ শতাংশ। ব্যবসায় শিক্ষা শাখায় ৮৩০ জনের মধ্যে পাস করেছেন ৪১৩ জন। এ বিভাগে পাসের হার ৪৯ দশমিক ৭৬ শতাংশ। বিজ্ঞান শাখায় ৩০৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭৩ জন। এ বিভাগে পাসের হার ৫৬ দশমিক ৭২ শতাংশ।

আঞ্চলিক কেন্দ্রভিত্তিক ফলাফলে ১২টি কেন্দ্রের মধ্যে বগুড়া ৭৭ দশমিক ৯৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রাজশাহী (৭৭.৭২ শতাংশ), তৃতীয় ময়মনসিংহ (৭৩.১০ শতাংশ)। এ ছাড়া বরিশালে ৭২.৪৮, যশোরে ৭২.২৮, কুমিল্লায় ৭০.৩৬, সিলেটে ৭০.০৩, খুলনায় ৬৮.৭৪, ফরিদপুরে ৬৫.৪৯, রংপুরে ৬৪.১৪, ঢাকায় ৬০.১৩ এবং চট্টগ্রামে ৪৮.৩৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘এবার ২১৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জুলাই লিখিত পরীক্ষা শুরু হয়ে ২৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ১৪ সেপ্টেম্বর। পরীক্ষা শেষ হওয়ার পর ৪১ কর্মদিবসের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘দ্রুত ফলাফল প্রকাশের পাশাপাশি নির্ভুল ফলাফল নিশ্চিত করাও বিশ্ববিদ্যালয়ের কাছে গুরুত্বপূর্ণ। কিছু শিক্ষার্থীর ওএমআর শিট, ইনপুট কোড ও প্রয়োজনীয় তথ্য পূরণে ভুল থাকায় তাদের ফলাফল স্থগিত রাখা হয়েছে। এসব সমস্যা সমাধানে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ থেকে ২০ কর্মদিবসের মধ্যে স্থগিত ফলাফলসহ সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেয়া হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত নির্দেশনা দেয়া হবে।’

ভিসি আরও বলেন, ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা আর্থসামাজিক ও পেশাগত প্রতিবন্ধকতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যান। তাদের এই প্রচেষ্টা প্রশংসনীয়।’ 

যারা উত্তীর্ণ হয়েছেন তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘যারা কৃতকার্য হতে পারেননি, তাদের হতাশ হওয়ার কারণ নেই। পরবর্তী পরীক্ষায় আরও ভালো প্রস্তুতি নিয়ে সফল হওয়ার সুযোগ রয়েছে।’

শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে ভিসি বলেন, ‘বিশ্ববিদ্যালয় এখন শুধু সংখ্যাতাত্ত্বিক সাফল্য নয়, গুণগত শিক্ষা নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে পরীক্ষায় নোটমুক্ত পরিবেশ, সুষ্ঠু ও অবাধ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেয়া হচ্ছে। এ ক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বশীল শিক্ষক, সমন্বয়কারী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। উত্তরপত্র মূল্যায়নেও আরও সতর্কতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মো: আনিসুর রহমান দ্রুত ফলাফল প্রকাশের জন্য ভিসির উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘পরীক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তিদের সহযোগিতায় এ ফলাফল প্রকাশ সম্ভব হয়েছে। কিছু শিক্ষার্থীর কাগজপত্র ও তথ্যগত সমস্যা রয়েছে।’ 

সেগুলো দ্রুত সমাধান করে তাদের ফলাফল প্রকাশ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ওপেন স্কুলের ডিন অধ্যাপক শিরিন সুলতানা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরুর বিষয়টি বিবেচনায় রেখে দ্রুত ফলাফল প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে, যাতে উত্তীর্ণ শিক্ষার্থীরা সময়মতো উচ্চশিক্ষায় ভর্তির আবেদন করতে পারেন।’ 

তিনি বলেন, ‘বাউবি এখন পাসের হারের চেয়ে গুণগত শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক রফিকুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা কমিটির সদস্য, পরীক্ষা বিভাগের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।