
এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় ১৮ নভেম্বর পর্যন্ত তিন দিন বাড়ানো হয়েছে।
রোববার আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। আর সোনালী সেবার মাধ্যমে ১৯ নভেম্বর পর্যন্ত ফি জমা দেয়া যাবে।
আন্তঃশিক্ষা বোর্ডের সদস্য ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানান, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের অনেকেই ফরম পূরণ করতে পারেনি বলে আবেদন করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বর্ধিত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে।
এর আগে, ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের শেষ সময় ছিল।
বাংলাদেশে এ বছরই প্রথমবারের মতো এইচএসসিতে এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণার একমাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে, এই পরীক্ষা দিতে এক বছর পর্যন্ত অর্থাৎ পরের বছর এইচএসসি পরীক্ষার জন্য অপেক্ষা করতে হতো পরীক্ষার্থীদের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








