
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জব্বারের মোড়ে প্রতিদিনের মতো আড্ডা দিচ্ছিলেন কয়েকজন শিক্ষার্থী। হঠাৎ বাদাম বিক্রির জন্য সেখানে হাজির হয় দুই ভাই। তাদের কাছ থেকে বাদাম কেনার পর শুরু হয় সাধারণ কথাবার্তা। একপর্যায়ে জানতে চাওয়া হয়, তারা পড়াশোনা করতে চায় কি না। সেই প্রশ্নের উত্তরে ছোট ভাই ইয়াসিন জানায়, তার পড়াশোনা করার প্রবল ইচ্ছা রয়েছে। তবে অভাবের সংসারে সেই স্বপ্ন পূরণের সামর্থ্য নেই পরিবারের।
ইয়াসিনের পড়াশোনার প্রতি আগ্রহের কথা শুনে তাকে সহযোগিতার আশ্বাস দেন বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু। একই সাথে সেখানে উপস্থিত অন্যরাও তার শিক্ষার দায়িত্ব নেয়ার বিষয়ে সম্মতি জানায়। সবকিছু ঠিক থাকলে নতুন বছর থেকেই ইয়াসিনকে স্কুলে ভর্তি করানো হবে। তার পড়াশোনার যাবতীয় খরচও তারা সম্মিলিতভাবে বহন করবেন বলে জানিয়েছেন।
জানা যায়, ইয়াসিন ও তার ভাই পথে পথে বাদাম ও পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করে। দারিদ্র্যের কারণে দুই ভাইয়ের কেউই এখন পর্যন্ত পড়াশোনার সুযোগ পায়নি। তবে দুই ভাইয়ের মধ্যে ইয়াসিনের পড়ালেখার প্রতি আগ্রহ রয়েছে। অন্যদিকে তার ভাইকে পড়াশোনার বিষয়ে জিজ্ঞেস করা হলে সে আগ্রহ প্রকাশ করেনি।
এ বিষয়ে মেজবাউল হক মিজু বলেন, ‘আমরা প্রতিদিনই জব্বারের মোড়ে বসি, আড্ডা দিই। গতকাল সন্ধ্যায়ও সেখানে বসেছিলাম। হঠাৎ ইয়াসিন ও তার ভাই এসে জিজ্ঞেস করছিল, ভাই বাদাম নেবেন? এর আগে তাদের কাছ থেকে পপকর্নও নিয়েছিলাম। বাদাম কেনার পর ইয়াসিনকে জিজ্ঞেস করি, সে পড়াশোনা করতে চায় কি না। সুবিধাবঞ্চিত শিশু ও বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা শিশুদের সময় পেলেই এমন প্রশ্ন করি। ইয়াসিনের উত্তর ছিল ব্যতিক্রম। সে পড়াশোনা করতে চায়। তার ভাইকে জিজ্ঞেস করলেও সে আগ্রহ দেখায়নি।’
তিনি বলেন, ‘ইয়াসিনের পড়াশোনার আগ্রহ দেখে আমরা তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছি। সেখানে উপস্থিত সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছর থেকে তাকে স্কুলে পাঠাব। তার পড়াশোনার যাবতীয় খরচ আমরা বহন করব।’
এ উদ্যোগের মাধ্যমে সমাজের অন্যদের প্রতিও আহ্বান জানান মিজু। তিনি বলেন, ‘আমরা যে প্রতিষ্ঠানেই থাকি না কেন, আমাদের আশপাশে থাকা সুবিধাবঞ্চিত শিশু, ডায়নিং বয় কিংবা হোটেল বয়দের প্রতি একটু খেয়াল রাখা উচিত। তাদের কেউ পড়াশোনা করতে চাইলে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। অর্থের অভাবে যেন কোনো শিশুর শিক্ষার স্বপ্ন থেমে না যায়। ওরাও যেন সমাজের অন্য শিশুদের মতো সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পায়।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








