নবীনবরণে বক্তব্য রাখছেন সিবগাতুল্লাহ সিবগা, (ডানে) বক্তব্য রাখছেন আমন্ত্রিত অতিথি
নবীনবরণে বক্তব্য রাখছেন সিবগাতুল্লাহ সিবগা, (ডানে) বক্তব্য রাখছেন আমন্ত্রিত অতিথি। নয়া দিগন্ত

‎​বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে নবীনবরণের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা।

Advertisement

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠিত হয়।
‎
‎বাকৃবি শাখা শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মো: ফখরুল ইসলাম, কেন্দ্রীয় বির্তক সম্পাদক আবু নাছির মো: ত্বোহাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রশিবিরের সাবেক সদস্যবৃন্দ ও নবীন শিক্ষার্থীবৃন্দ।
‎
‎​প্রায় আট শতাধিক নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে এ অনুষ্ঠানে আগতদের বরণ করে নিতে উপহার হিসেবে ব্যাগ, জার্সি, বই, বোতল ও কলম বক্স প্রদান করা হয়।
‎
‎অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের পরামর্শমূলক আয়োজন হিসেবে ছিল দু’টি প্যানেল ডিসকাশন। প্রথম প্যানেল ডিসকাশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী অ্যাকাডেমিক সাফল্য অর্জনের জন্য বিভিন্ন পরামর্শ দেন। এতে ভালো ফলাফলের কৌশল ও পরীক্ষার খাতায় উত্তর উপস্থাপনের সঠিক নিয়মাবলি নিয়ে নবীনদের দিকনির্দেশনা দেয়া হয়। এছাড়া উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ প্রদান করেন শিক্ষকরা। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্বও তুলে ধরেন তারা।
‎
‎​দ্বিতীয় প্যানেল ডিসকাশনে সংগঠনের সাবেক সদস্য ও বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিরা কর্পোরেট সেক্টরে সাফল্যের উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেয়ার পাশাপাশি ভবিষ্যতে একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান করেন। সেইসাথে তারা ইসলামী ছাত্রশিবিরের অতীত ইতিহাস তুলে ধরেন।
‎​
‎অনুষ্ঠানে প্রধান অতিথি সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘আগে বিশ্ববিদ্যালয়ে যেতে শিক্ষার্থীরা ভয় পেত। গেস্টরুমে গিয়ে অনেক বড় বড় স্বপ্ন একদিনেই নিঃশেষ হয়ে যেত। জুলাই বিপ্লব এসে অনেক কিছু পরিবর্তন করে দিয়ে গিয়েছে। এই উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে মাত্র ৩৬ দিনে তাড়িয়ে দিয়েছে এদেশের মানুষ।’

তিনি বলেন, ‘তবে বর্তমানে আমরা একটি সঙ্কটের মধ্যে আছি। দেশের বর্তমান শিক্ষা ও কর্মসংস্থান খাতে নানা সঙ্কট তৈরি হয়েছে এবং বেকারত্বের হার বাড়ছে। বাংলাদেশে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৫০-৬০ হাজার মেধাবী শিক্ষার্থীর জন্য যথাযোগ্য চাকরির ব্যবস্থা নেই। একইসাথে মেধাবীদের ভালো জায়গায় যাওয়ার সুযোগ কমিয়ে দেয়ার চক্রান্ত চলছে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘কয়েকদিন আগে তোমরা দেখে থাকবে, স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে একটি আন্দোলন হয়েছে। নিয়ম অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া এনটিআরসি’র মাধ্যমে হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তা পরিবর্তন করে স্কুল-কলেজ গভর্নিং কমিটির মাধ্যমে নিয়োগ দেয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। অথচ এই কমিটিগুলোতে দলীয় পরিচয়ে এমন একদল লোক বসে আছে যারা নিজেরাই কোনো রকমে টেনেটুনে পাশ করেছে। তাদের হাতে নিয়োগের ক্ষমতা থাকলে তারা টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য করত। এর ফলে দিনশেষে আমরা জাতির মেধাবী শিক্ষকদের হারাতাম।’

ছাত্রশিবির নিয়ে সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘অন্যান্য সংগঠন থেকে ইসলামী ছাত্রশিবিরের মূল পার্থক্য হলো আমরা যারা ভালো করি, আমরা চাই আমাদের পরে যারা আসবে তারা যেন আরো ভালো করে। ইসলামী ছাত্রশিবির একটি ‘ফুল প্যাকেজ’ দেয়, যাতে একজন শিক্ষার্থী দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই সফল হতে পারে।’