
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো রাজনৈতিক দলের দলীয় সম্পত্তি নয় এবং কোনো সংগঠনকেই ক্যাম্পাস দখল করতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাবনা জেলা শিল্পকলা অ্যাকাডেমির বনমালী মিলনায়তনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে এস এম ফরহাদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো রাজনৈতিক দলের দলীয় সম্পত্তি নয়। ছাত্রশিবির হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক সংগঠন, কোনো দলকেই ক্যাম্পাস দখল করতে দেয়া যাবে না। একইভাবে কোনো সংগঠনেরও ক্যাম্পাস দখল করা উচিত নয়। ক্যাম্পাসের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের অধিকারই প্রধান হওয়া প্রয়োজন।’
ছাত্র সংসদ নির্বাচন ও ক্যাম্পাস গণতন্ত্র প্রসঙ্গ
ছাত্র সংসদ নির্বাচন আটকে রাখার সমালোচনা করে এস এম ফরহাদ বলেন, ‘সরকার গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাস ডেমোক্রেসিকে তারা ভয় পায়। জাকসু, চাকসু ও জকসুর নির্বাচন বন্ধ রাখা হয়েছে। পাবিপ্রবিতে এখনো ছাত্র সংসদ নির্বাচন হতে দেয়া হয়নি। বারবার নির্বাচনের কথা বলা হলেও তফসিল ঘোষণা করা হচ্ছে না। কারণ, তারা তরুণদের ভোটকে ভয় পায়। ছাত্র সংসদ নির্বাচনে ভোট কেনাবেচা কিংবা কারচুপির সুযোগ থাকে না বলে তারা নির্বাচন দিতে চায় না।’
ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অতীতের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন সময়ে ক্ষমতার পরিবর্তন হলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একই ধরনের চিত্র দেখা গেছে। ক্ষমতাসীন দলগুলো নিজেদের সময়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের পরিবর্তে তা বন্ধ রেখেছে। ১৯৯০ সালে বিএনপি ক্ষমতায় আসার পর পরবর্তী পাঁচ বছরে ডাকসু নির্বাচন না হওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
শিক্ষার্থীদের ভোটাধিকার ও পাবিপ্রবিতে নির্বাচনের দাবি
২০২৪ সালের ৫ আগস্টের পর শিক্ষার্থীদের ক্যাম্পাসকেন্দ্রিক গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার অঙ্গীকারের কথা উল্লেখ করে এস এম ফরহাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছেন। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই ক্যাম্পাস পরিচালনায় তাদের প্রত্যাশা ও অধিকার প্রতিফলিত হওয়া উচিত।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তিনি বলেন, এখানে ছাত্রশিবিরের জয়ী হওয়া জরুরি নয়; বরং শিক্ষার্থীরা যাকে চাইবেন, তিনিই নির্বাচিত হবেন। শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ। এ জন্য নবীন শিক্ষার্থীদের নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি শিক্ষার্থীদেরই তুলতে হবে। শিক্ষার্থীদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। এ বিষয়ে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ।
এ ছাড়া কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা, বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, বিশেষ আলোচক স্কিল ইভেন্ট ও ক্যারিয়ার কোচের প্রতিষ্ঠাতা ড. জামাল উদ্দীন জামিসহ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাবিপ্রবি শাখা ছাত্রশিবির আয়োজিত এ নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে ছয় শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








