এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা। সংগৃহীত

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

সকালের পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং বিকেলের পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে।

এই পরীক্ষার রুটিন অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর।

এছাড়া, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হবে ৫ ডিসেম্বর। সবশেষে অর্থনীতি ও আরবি পরীক্ষার মধ্য দিয়ে ১৫ ডিসেম্বর লিখিত পরীক্ষা শেষ হবে।

এছাড়া, ১৫ ডিসেম্বরের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষাও শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে। বিবিসি বাংলা