
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাথে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এতে উচ্চ শিক্ষা অর্জন ও গবেষণার ক্ষেত্রে খুলে যাবে সম্ভাবনার দ্বার।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির সভাকক্ষে ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম এবং এআইটির প্রেসিডেন্ট অধ্যাপক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায় মাভাবিপ্রবির শিক্ষকদের জন্য পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি ও ফেলোশিপ, যৌথ তত্ত্বাবধানে গবেষণা এবং যৌথ প্রকাশনার উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যৌথ ব্যাচেলর-মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম, শিক্ষার্থী বিনিময় এবং ক্রেডিট ট্রান্সফার ব্যবস্থার সুযোগ থাকবে।
এছাড়া, উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি যৌথ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে যার মাধ্যমে যৌথ গবেষণা, আন্তর্জাতিক গবেষণা অনুদান আহরণ, আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সুযোগ তৈরি হবে।
তবে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং এবং আধুনিক প্রকৌশল প্রযুক্তির মতো সম্ভাবনাময় গবেষণার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো: আনিছুর রহমান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও গবেষণা সেলের পরিচালকগণ, এআইটি এক্সটেনশনের নির্বাহী পরিচালক ভোরাওয়াত চানলাসিন এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার এস কে শাহীন হোসাইন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এআইটি এশিয়ার একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সাথে মাভাবিপ্রবির এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তি গত সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক শিক্ষা-গবেষণা নেটওয়ার্কে সম্পৃক্ততা আরও জোরদার হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








