বিক্ষোভ
ছাত্রদল ও ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল। নয়া দিগন্ত

দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদ এবং ইবির শিক্ষার্থী বহনকারী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও ছাত্রশিবির। 

Advertisement

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পৃথকভাবে এ কর্মসূচি পালন করে সংগঠন দু’টি। এ সময় ছাত্রলীগের রাজনীতি বন্ধ এবং নাশকতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান নেতাকর্মীরা।

এদিন দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিল বের করে শাখা ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে দুপুর দেড়টার দিকে বটতলা থেকে মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘শিক্ষা-সন্ত্রাস একসাথে চলে না’, ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’, ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর’ এবং ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দেন।

ছাত্রদলের কর্মসূচিতে সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্যসচিব রাফিজ আহমেদসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন। অন্যদিকে ছাত্রশিবিরের কর্মসূচিতে শাখা সেক্রেটারি রাশিদুল ইসলাম রাফি, কুষ্টিয়া জেলা সভাপতি ইমরান বিশ্বাসসহ তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ‘গতকাল ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের বহনকারী বাসে পেট্রোল বোমা মেরেছে। পুরো দেশে তারা বোমাবাজি ও গাড়িতে আগুন দিচ্ছে। এর প্রতিবাদে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজপথে তাদের মোকাবেলা করবে। কোনো ছাত্রলীগ বা আওয়ামী ফ্যাসিস্টের ঠিকানা এ ক্যাম্পাসে এবং বাংলাদেশে হবে না।’

সমাবেশে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশিদুল ইসলাম রাফি বলেন, ‘শিক্ষার্থীদের বহনকারী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা নিরাপত্তার জন্য বড় হুমকি। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। গণঅভ্যুত্থানের পরও আওয়ামী লীগ ও ছাত্রলীগ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।’ 

গত ১৭ বছরের জুলুম, নির্যাতন ও নৈরাজ্যের দায়ে দলটিকে দীর্ঘমেয়াদে নিষিদ্ধ করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের রাজনীতি চিরতরে বন্ধ করার দাবি জানান তিনি।

এর আগে সোমবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। বাসচালক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে ফেরার পথে চানপুর বাজার পার হয়ে ড্রাগন বাগান এলাকায় পৌঁছালে যানজটের কারণে বাসটির গতি কমে যায়। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাসটির সামনে এসে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে চালক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে ক্যাম্পাসে নিয়ে আসেন। এ ছাড়া মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পকেট গেটে প্রাচীরের বাইরে থেকে একটি হাতবোমা নিক্ষেপ করা হয়। পরে প্রক্টরিয়াল বডির তৎপরতায় সেটি নিষ্ক্রিয় করা হয়। দুটি ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশব্যাপী যে অরাজকতা সৃষ্টি করেছে, তারই অংশ হিসেবে ইবিতে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। তবে বর্তমান প্রশাসন ও নিরাপত্তা সেলের ভূমিকার কারণে তাদের ষড়যন্ত্র সফল হয়নি। ক্যাম্পাস বর্তমানে সম্পূর্ণ নিরাপদ। শিক্ষার পরিবেশ স্বাভাবিক রয়েছে। ক্লাস-পরীক্ষাও স্বাভাবিকভাবে চলছে।’