সমাবর্তন
ইবি পঞ্চম সমাবর্তন। নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। 

Advertisement

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে সমাবর্তনে অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। সমাবর্তনে অংশগ্রহণের জন্য সাধারণ গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে চার হাজার পাঁচশ টাকা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো: আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের গ্র্যাজুয়েটরা সমাবর্তনে অংশ নিতে পারবেন। এ ছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত সান্ধ্যকালীন ও প্রফেশনাল মাস্টার্স এবং ২৩৭তম থেকে ২৭৫তম সিন্ডিকেট পর্যন্ত ডিগ্রিপ্রাপ্ত এমফিল ও পিএইচডি গবেষকরাও এতে অংশ নিতে পারবেন।

সাধারণ গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন ফি চার হাজার পাঁচশ টাকা হলেও সান্ধ্যকালীন ও প্রফেশনাল মাস্টার্সের ক্ষেত্রে তা পাঁচ হাজার পাঁচশ টাকা। এর বাইরে সনদের জন্য আলাদা ফি দিতে হবে। স্নাতক (সম্মান) পর্যায়ে পাঁচশ, মাস্টার্সে সাতশ, সান্ধ্যকালীন ও প্রফেশনাল মাস্টার্সে এক হাজার, এমফিলে এক হাজার পাঁচশ এবং পিএইচডি সনদের জন্য দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একজন গ্র্যাজুয়েট সর্বোচ্চ তিনজন অতিথি নিতে পারবেন। অতিথি হিসেবে শুধু বাবা-মা, স্বামী বা স্ত্রী এবং সন্তানদের অন্তর্ভুক্ত করা যাবে। পাঁচ বছর বা তার বেশি বয়সী প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা ফি দিতে হবে।

রেজিস্ট্রেশনের জন্য সমাবর্তনের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে ব্যক্তিগত তথ্য, ডিগ্রির বিবরণ, গাউনের মাপ, অতিথির তথ্য ও ছবি দিয়ে আবেদন জমা দিতে হবে। পরে কার্ড, মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন যাচাই করে অনুমোদন দিলে সমাবর্তনের কার্ড ও অতিথিদের পাস ডাউনলোড করা যাবে। নিবন্ধিত প্রত্যেক গ্র্যাজুয়েটকে গাউন ও উপহারসামগ্রী দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১১-১২ শিক্ষাবর্ষের যেসব বিভাগের স্নাতক (সম্মান) এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের যেসব বিভাগের মাস্টার্স পরীক্ষার ফল দেরিতে প্রকাশিত হওয়ায় শিক্ষার্থীরা চতুর্থ সমাবর্তনে অংশ নিতে পারেননি, তারাও এবার অংশ নেয়ার সুযোগ পাবেন। আগে সমাবর্তনে অংশ না নিয়ে মূল সনদ গ্রহণ করেছেন, এমন গ্র্যাজুয়েটরাও এবার রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে তাদের নতুন করে মূল সনদ দেয়া হবে না।

আগ্রহীদের আগামী ২৫ নভেম্বরের মধ্যে convocation.iu.ac.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ও ফি পরিশোধ করতে হবে।