
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ আন্তর্জাতিক গ্রিন আর্কিটেকচার সম্মেলন (ICGrA-2026)। দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ, স্থপতি, পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নেবেন। এতে ৮৫টি গবেষণাপত্র ও ৪৫টি পোস্টার উপস্থাপন করা হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে শাবিপ্রবি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান।
তিনি বলেন, এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘Optimized Design for Environment and Sustainable Habitats (DESH)’। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আর্কিটেকচার বিভাগের গ্রিন আর্কিটেকচার সেল (GrACe) ও শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগ যৌথভাবে সম্মেলনটি আয়োজন করছে।
টেকসই স্থাপত্য ও আবাসস্থল উন্নয়নে উদ্ভাবনী ধারণার বিকাশ, গবেষণা বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
সম্মেলনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মো: আশিকুর রহমান জোয়ারদার। কো-চেয়ার হিসেবে রয়েছেন শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড সিটিজের গ্লোবাল এনগেজমেন্ট বিভাগের পরিচালক অধ্যাপক ড. জুলিও ভারদিনি। তার প্রবন্ধের শিরোনাম ‘Climate Urbanism : Grounding Actions, Reimagining Urban Futures’।
এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষক ও ২০২২ সালের আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারের বিজয়ী স্থপতি খন্দকার হাসিবুল কবির ‘Habitat Co-creation with Communities’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
সম্মেলনের অংশ হিসেবে ‘Global Synergies for Sustainable Habitat Development’ শীর্ষক একটি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে অধ্যাপক ইফতেখার রহমান বলেন, ‘সম্মেলনে টেকসই নির্মাণপ্রযুক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মানচিত্রায়ন, জলবায়ু-সহনশীল বসতি, নগরায়ণ ও নির্মিত পরিবেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি এসব বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করবেন অংশগ্রহণকারীরা।’
তিনি বলেন, ‘মূল প্রবন্ধ উপস্থাপনা ও গবেষণা সেমিনার অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে। অন্যদিকে, কারিগরি অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে অ্যাকাডেমিক ভবন ‘ই’-এর চতুর্থ তলায় অবস্থিত আর্কিটেকচার বিভাগের সেমিনার কক্ষে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রো-ভিসি অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা মেহের সুলতানা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বুয়েটের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ শরিফুল ইসলাম।
সম্মেলনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ই-বিল্ডিং প্রাঙ্গণে একটি স্থাপত্য প্রদর্শনীর আয়োজন করা হবে। এতে দেশের বিভিন্ন স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নকশা ও স্থাপত্যকর্ম প্রদর্শিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও টেকসই স্থাপত্যবিষয়ক ধারণা তুলে ধরার সুযোগ পাবেন।
সম্মেলনের প্লাটিনাম স্পনসর হিসেবে রয়েছে মিরপুর সিরামিকস ও খাদিম সিরামিকস। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)।
এছাড়া সিলভার স্পনসর হিসেবে রয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি), Archxin ও Volumetric Designers।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আর্কিটেকচার বিভাগের অধ্যাপক এ এম শামছুর আরেফিন ও অধ্যাপক মো: মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম, অভিজিৎ মজুমদার ও তানভীর হাসান, সহকারী অধ্যাপক মো: আরিফুর রহমান ও প্রভাষক মো: ফেরদৌস রহমান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








