
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বোর্ডের সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারি নিয়ম ও নীতিমালা অনুসরণ করে বিজ্ঞান বিভাগের পাশাপাশি মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে এ তালিকা প্রণয়ন করা হয়েছে।
মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্তদের তালিকা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধা বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতিমাসে ৬০০ টাকা হারে এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী প্রতিমাসে ৩৫০ টাকা হারে বৃত্তি পাবে। এছাড়া বইপত্র ও যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন অনুদান হিসেবে মেধা বৃত্তিপ্রাপ্তরা বছরে ৯০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ৪৫০ টাকা পাবেন।
উভয় বৃত্তির মেয়াদ ২০২৬ সালের জুলাই মাস থেকে ২০২৮ সালের জুন মাস পর্যন্ত মোট দুই বছর। সরকারি নির্দেশনা মোতাবেক মেধা ও সাধারণ বৃত্তি ছাত্র ও ছাত্রীদের মধ্যে সমভাবে (৫০-৫০) বণ্টন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মেধা ও সাধারণ উভয় বৃত্তির জন্য সর্বনিম্ন যোগ্যতা নির্ধারণ করা হয়েছিল জিপিএ ৩.০০। তবে মেধা বৃত্তি জিপিএ-৫ প্রাপ্তদের মধ্য থেকেই প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধানুসারে বণ্টন করা হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থীকে নিজ-নিজ ভর্তি প্রতিষ্ঠানে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ দিতে নির্দেশ দেয়া হয়েছে। আর অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্তদের কাছ থেকে বেতন দাবি করতে পারবে না।
বৃত্তিপ্রাপ্তদের অর্থ সরাসরি ‘জিটুপি’ পদ্ধতিতে ‘ইএফটি’র মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এজন্য তালিকাভুক্ত শিক্ষার্থীদের অনলাইন সুবিধা থাকা যেকোনো তফসিলভুক্ত ব্যাংকে হিসাব খুলে তথ্য প্রতিষ্ঠানে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








