জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গবেষক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০ শিক্ষক ও গবেষক বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায় স্থান পেয়েছেন। 

Advertisement

বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে এ তালিকা প্রকাশ করে। 

গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে গবেষকদের গবেষণার মান ও প্রভাব মূল্যায়নের ক্ষেত্রে এ তালিকাকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হয়।

তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্থান পাওয়া গবেষকদের মধ্যে রয়েছেন অধ্যাপক এ এ মামুন (২৪১), মো: সাইফুল ইসলাম (৫৩১), মো: শরাফাত চৌধুরী (৫৯৯), এস এম দিদার উল ইসলাম (৬৬৫), মো: আল-আমিন খান (৭২৭), অধ্যাপক মো: মোস্তাফিজুর রহমান (৮৯২), শারমিন সুলতানা (১,৮৯০), এম শামীম কায়সার (৫,৩২৪), মোহাম্মদ শরীফ উদ্দিন (৮,৫১০) ও আবু বকর সিদ্দিক (৮,৭৫৫)। 

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো: শামসুল আলম বলেন, ‘বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক ও গবেষকের স্থান পাওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। এটি তাদের নিরলস গবেষণা ও মেধার আন্তর্জাতিক স্বীকৃতি। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশকে আরো সমৃদ্ধ করবে ও ভবিষ্যৎ প্রজন্মের গবেষকদের অনুপ্রাণিত করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তালিকায় স্থান পাওয়া সবাইকে অভিনন্দন জানাই। আশা করি, তারা ভবিষ্যতেও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য সুনাম বয়ে আনবেন।’

উল্লেখ্য, বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের এ তালিকায় বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন ৩৪৭ জন গবেষক। চলতি বছর দেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে গবেষকরা এ তালিকায় জায়গা করে নিয়েছেন।