
উচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৪ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় তাদের নাম রয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ইউজিসির রিসার্চ গ্র্যান্ট অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগের পরিচালক মো: ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। তিন বছরের ওই তালিকায় সারাদেশ থেকে ৪৬৯ শিক্ষার্থীকে মনোনীত করা হয়।
তালিকা অনুযায়ী, ২০১৯ সালের স্বর্ণপদকের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তারা হলেন— আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরীক, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী, অর্থনীতি বিভাগের মিজানুর রহমান, আইন বিভাগের নাজমুন ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফিরোজ খান, পরিসংখ্যান বিভাগের সুপ্তি চক্রবর্তী সাধনা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেলিম রেজা জীবন ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মুনতাহা বিনতে মুখলেস।
একইভাবে ২০২০ সালের জন্যও ইবির আট শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তারা হলেন— আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ওলিউল্লাহ, আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের খাইরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সোহাগ হোসাইন, আল ফিকহ অ্যান্ড ল বিভাগের মোহাম্মদ ইলিয়াস, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাহমুদুল হাসান, গণিত বিভাগের দেলোয়ার হোসাইন, ফলিত রসায়ন বিভাগের ফাতেমাতুজ্জোহরা ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আল-আমিন মিলন।
২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন আরো আটজন। তারা হলেন— আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আশিক বিল্লাহ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আতিকুর রহমান, লোক প্রশাসন বিভাগের সাদিকুর রহমান, আল ফিকহ অ্যান্ড ল বিভাগের তারেক মনোয়ার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নাহিদুজ্জামান, গণিত বিভাগের রাসেল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের হালিম হোসাইন ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের তামান্না খাতুন।
ইউজিসির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাওয়া মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই শেষে এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পুনরায় যাচাই করে ৪৬৯ শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা নিয়ে কোনো আপত্তি বা বক্তব্য থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ আগামী ৩১ অক্টোবরের মধ্যে ইউজিসিতে জানাতে হবে।
উল্লেখ্য, কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দিতে ২০০৫ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ চালু করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীরা এই পদকের জন্য মনোনীত হন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








