ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী
নোবিপ্রবি’তে নবনির্মিত সেমিনার রুম ও লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী। নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেছেন, ‘বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আমরা যখন একটি স্মার্ট সমাজ বিনির্মাণের দিকে এগোচ্ছি, তখন নারীর বিরুদ্ধে সাইবার বুলিং আমাদের সামগ্রিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।’ 

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নোবিপ্রবি’র হযরত বিবি খাদিজা হলে শিক্ষার্থীদের জন্য নবনির্মিত সেমিনার রুম ও লাইব্রেরির উদ্বোধন এবং হল প্রশাসন কর্তৃক আয়োজিত ‘নারী ও অনলাইন নিরাপত্তা: ডিজিটাল যুগে সাইবার বুলিং প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. গোলাম রব্বানী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে সাইবার বুলিংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড একজন নারীর মানসিক স্বাস্থ্য ধ্বংসের পাশাপাশি তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে বিষণ্নতার দিকে ঠেলে দেয়। নারীর বিরুদ্ধে যেকোনো ধরনের হয়রানি বা সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বহাল থাকবে।’

তিনি আরো বলেন, ‘কেবলমাত্র আইন বা শাস্তি দিয়ে সাইবার বুলিংয়ের মতো অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়, এক্ষেত্রে নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে।’

বক্তব্যে উদ্বোধনকৃত সেমিনার রুম ও লাইব্রেরি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় শিক্ষার্থীবান্ধব এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন ভিসি।

হল প্রভোস্ট ড. মোছা: রিনু ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো: শিবলুর রাহমান। 

অনুষ্ঠানে অন্যদের মাঝে হলের সহকারী প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।