
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিপীড়নবিরোধী দিবস ও শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাকৃবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৭ অক্টোবর) বাদ আসর বাকৃবির সেন্ট্রাল মসজিদে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন। পরে মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে শাখা ছাত্রশিবির।
প্রতি বছরের মতো এবারো শহীদ আবরার ফাহাদের স্মরণে ও ক্যাম্পাসে যেকোনো ধরনের রাজনৈতিক ও শারীরিক নির্যাতন (র্যাগিং ও নিপীড়ন) বন্ধের প্রতীক হিসেবে তাদের এই আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, সাথী, কর্মী ও সমর্থকরা।
বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈন বলেন, ‘শহীদ আবরার ফাহাদ সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে নির্মমভাবে শাহাদতবরণ করেছেন। তার আত্মত্যাগ আমাদের জন্য অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে কথা বলার সাহস জোগায়। শিক্ষাঙ্গনে মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। আমরা চাই, কোনো শিক্ষার্থী যেন মতের ভিন্নতার কারণে নিপীড়ন বা হয়রানির শিকার না হন। শহীদ আবরারের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’
উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদ। ২০১৯ সালের ৭ অক্টোবর ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল। গত বছর শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয় ‘নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণা ও তা যথাযথভাবে পালনের আহ্বান জানায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








