
শহীদ আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত কার্যকর ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে ইসলামী ছাত্রশিবির।
সংগঠনটির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বুধবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নিপীড়নবিরোধী দিবস ও শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে শহীদ আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে দেয়া রায় দ্রুত কার্যকর, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং দেশের মানুষের প্রতি অন্যায়, হয়রানি ও বৈষম্য বন্ধের দাবি জানানো হয়। একইসাথে বিচার ও প্রশাসনিক কার্যক্রমে দলীয়করণ থেকে বিরত থাকার আহ্বান জানান সংগঠনটির নেতাকর্মীরা।
মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, ‘শহীদ আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনবিরোধী ও ভারতের আনুগত্যবিহীন একটি বাংলাদেশ চেয়েছিলেন। আমরাও এমন একটি বাংলাদেশ চাই, যেখানে দেশের স্বার্থ, মানুষের অধিকার ও ন্যায়বিচার সর্বোচ্চ গুরুত্ব পাবে।’
তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে দেশে যে পরিবর্তন এসেছে, তার পেছনে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগ রয়েছে। শহীদ আবরার ফাহাদও সেই সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ প্রতীক। ছাত্রলীগের নির্যাতনে তিনি নিহত হয়েছেন। তার মতো আরো অনেক শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছেন। শহীদ আবরার ফাহাদসহ দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই পরিবর্তন কোনোভাবেই ব্যাহত হতে দেয়া যাবে না।’
তিনি আরো বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন, তাদের ন্যায়বিচার, মানুষের অধিকার ও শহীদদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাতে হবে। দেশের স্বার্থ ও মানুষের অধিকারকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ গড়ে তুলতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ দেশের ছাত্রসমাজ ন্যায়সঙ্গত ও জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করবে।’
রাশেদুল ইসলাম রাফি বলেন, ‘শিক্ষক নিয়োগ, পুলিশ ভেরিফিকেশন ও ৪৪তম বিসিএসসহ বিভিন্ন ক্ষেত্রে মেধাবীদের বঞ্চিত করার যে অভিযোগ উঠেছে, সরকারকে সেসব বিষয়ে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে মেধা ও ন্যায়বিচারের পরিপন্থী কোনো পদক্ষেপ নেয়া উচিত নয়।’
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুস সামাদ, ছাত্রকল্যাণ সম্পাদক এমাদুর রহমান, শিক্ষা সম্পাদক শাহজাদা ইয়ামিন, এইচআরডি ও পাঠাগার সম্পাদক আবু সালেহ রায়হান, সমাজসেবা সম্পাদক মুতাসিম বিল্লাহ খানসহ সংগঠনের নেতাকর্মীরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








