বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভিসি, সার্টিফিকেট 
বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। নয়া দিগন্ত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেছেন, ‘বাউবি শুধু সার্টিফিকেট দেয়ার কারখানা নয়; বাউবি ডিগ্রি অর্জনের একটি প্রতিষ্ঠান।’ 

Advertisement

বুধবার (৭ অক্টোবর) সকালে গাজীপুরে বাউবি ভিসির কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ছিদ্দিকুর রহমান খান জানান, প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি দ্রুত ই-অ্যাটেনডেন্স প্রক্রিয়া চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। আসন্ন বাউবির ষষ্ঠ সমাবর্তন ও বিশ্ববিদ্যালয় দিবস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

একই সাথে মাঠপর্যায়ে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, সেবা কার্যক্রমে গতি এবং দফতরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, রেজিস্ট্রার টিএম আহমেদ হুসেইনসহ বিভিন্ন স্কুলের ডিন, বিভাগের পরিচালক, প্রোগ্রাম অফিসার ও আঞ্চলিক কেন্দ্রের পরিচালকরা এতে উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে সনদ সংশোধন প্রক্রিয়া সহজীকরণ, উপ-আঞ্চলিক কেন্দ্রগুলোতে নিয়মিত সমন্বয় সভা এবং পরীক্ষা চলাকালে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সব স্কুলের অ্যাকাডেমিক ক্যালেন্ডার যথাসময়ে প্রকাশ, কর্মকর্তা-কর্মচারীদের হালনাগাদ বদলি নীতিমালা প্রণয়ন ও জনবলের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেয়া হয়।

নতুন প্রোগ্রাম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে প্রচার ও ব্র্যান্ডিং জোরদার এবং তৃতীয় লিঙ্গ ও নারী শিক্ষার্থীদের ভর্তিতে ফি আরো কমানোর বিষয়টি বিবেচনার তাগিদ দেয়া হয়। পাশাপাশি পরীক্ষায় অসাধু উপায় প্রতিরোধে প্রযুক্তির সর্বাত্মক ব্যবহার নিশ্চিত করার বিষয়ে কর্মকর্তারা মতামত দেন।

স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তালেবের সঞ্চালনায় সভায় অংশ নেয়াদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনেন ভিসি। 

এদিকে, বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী সেমিনার বুধবার শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে চারজন গবেষকসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।