জকসু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আবরার ফাহাদ
দোয়া মাহফিলে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম। নয়া দিগন্ত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘শহীদ আবরার ফাহাদ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এক স্মরণীয় উদাহরণ। তার আত্মত্যাগ থেকে অন্যায়, নিপীড়ন ও আধিপত্যের বিরুদ্ধে কথা বলার সাহস নিতে হবে। আমরা এমন একটি ক্যাম্পাস চাই, যেখানে প্রত্যেক শিক্ষার্থী নিরাপদে মতপ্রকাশ করতে পারবে ও ভিন্নমতের প্রতি সম্মান বজায় থাকবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, ‘শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জোগায়। তার স্মৃতি নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও দেশের স্বার্থে সোচ্চার হতে অনুপ্রেরণা দেবে।’

জকসুর জিএস আব্দুল আলীম আরিফ বলেন, ‘আবরার ফাহাদ কোনো ব্যক্তিমাত্র নন; তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনার প্রতীক। তার আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, ক্যাম্পাসে মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।’

দোয়া মাহফিলে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দোয়া করা হয়।

এ সময় জকসুর নেতারাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।