হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: মুখে কালো কাপড় বেঁধে হাবিপ্রবি সাংবাদিকদের প্রতিবাদ। নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের মারধর ও হামলার ঘটনায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মরত সাংবাদিকরা।

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মৌন অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তালহা হাসান ও সাধারণ সম্পাদক রাফিউল হুদা, সহসভাপতি হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, অর্থ সম্পাদক সারোয়ার আলম রিজনসহ ক্যাম্পাসে কর্মরত অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

এ সময় সাংবাদিক মারধরে জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, হামলা, হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শন করে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।