ছাত্রদলের সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাকসুর মানববন্ধন
ছাত্রদলের সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাকসুর মানববন্ধন। নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

Advertisement

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রাকসুর নেতৃবৃন্দ।

মানববন্ধনে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘জুলাই-পরবর্তী রাবিতে পেশিশক্তির রাজনীতির পুনর্জন্ম হিসেবে এই ঘটনাকে পরিগণিত করা যায়। যেসব ছাত্রদল নেতা শিক্ষার্থীদের হুমকি দেন, মারধর করেন, তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এই ঘটনা ঘটিয়ে তারা ছাত্রলীগের মতো ক্যাম্পাসের শিক্ষার্থী ও সাংবাদিকদের নিজেদের শত্রুতে পরিণত করেছে।’

তিনি আরো বলেন, ‘আমরা বলতে চাই, এত বড় ঘটনা ঘটার পরও প্রশাসন কোনো সাড়া প্রদান করেনি। উল্টো প্রশাসন ছাত্রদলের মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে তাদের মদদ দিয়েছে। ক্যাম্পাসে তাদের মদদেই ছাত্রদল এসব ঘৃণিত কাজ করার সাহস পায়।’

প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে রাকসু ভিপি বলেন, ‘তারা যদি ছাত্রদলের এসব কাজ বন্ধ করতে না পারে, তাহলে শিক্ষার্থীরা আবারো ১৬ জুলাই ফিরিয়ে আনতে বাধ্য হবে। প্রশাসনকে বলতে চাই, দ্রুত সব দাবি মেনে নিয়ে দোষীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুন।’

মানববন্ধনে রাকসুর অন্যান্য নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাঙ্গনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।