
রাজশাহী বিশ্ববিদালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা। চোখে কালো কাপড় বেঁধে ও হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে দাঁড়ান তারা।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড় ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিকরা রাবিতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া এবং ক্যাম্পাসগুলোতে সাংবাদিকদের নিরাপদে কাজের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে সাংবাদিকদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে, ‘সাংবাদিকদের ওপর হামলা, গণতন্ত্রের ওপর হামলা’, ‘অন্যায় দেখলে সাংবাদিক বলবে, রক্ত ঝরলেও কলম চলবে’, ‘হাবিপ্রবি, তিতুমীর কলেজ, ঢাবি, রাবি এরপরে কোনটা?’, ‘প্রক্টর স্যার অসহায়, পুলিশ লেজ গুটিয়ে পালায়, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র চালায়’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।
কর্মসূচিতে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সাধারণ সম্পাদক জুয়েল রানা, প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
এর আগে ইবির সাংবাদিক সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান। একই সাথে হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
প্রসঙ্গত, রোববার (৪ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র হাতে জড়ো হলে তা ভিডিও ধারণকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আরিফুজ্জামান কোরবান ও আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিক আহত হন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








