মানববন্ধন
মানববন্ধন। নয়া দিগন্ত

পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজিত এ কর্মসূচীতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ ক্যাম্পাস সাংবাদিকরা অংশ নেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবু ছালেহ শোয়েবের সঞ্চালনায় মানববন্ধনে রাবি প্রেসক্লাবের সভাপতি ও একই বিভাগের শিক্ষার্থী আশিকুল রহমান ধ্রুব বলেন, ‘এর আগেও আগেও কৃষ্ণ রায়ের ওপর ছাত্রলীগের হামলা, মারধর ও হত্যার হুমকির প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। গতকালও আমরা একই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছি। হামলার আগে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করলেও তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। হামলার পর সিসিটিভি ও ভিডিও ফুটেজ নিয়ে প্রায় দেড় ঘণ্টা হলের প্রক্টরের কাছে অবস্থান করেও কার্যকর পদক্ষেপ দেখিনি। আমাদের দাবি, হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় তারা আবারও শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা করতে পারে।’

এসময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক অধ্যাপক আ-আল মামুন বলেন, ‘জুলাইয়ের পর ক্যাম্পাসে এমন ঘটনার মুখোমুখি হতে হবে, তা আমরা আশা করিনি। সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত যথাযথ প্রক্রিয়ায় শাস্তির আওতায় আনতে হবে। জুলাই অভ্যুত্থানের সময় সাংবাদিকরা জনগণের চোখ ও কান হিসেবে কাজ করেছেন। নতুন বাংলাদেশে সাংবাদিকদের নিরাপদে ও স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করা জরুরি। সাংবাদিকতার পথ রুদ্ধ হলে দেশ আবারও অন্ধকারে ফিরে যাবে।’

মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে আমরা রাতেই তাদের দেখতে ছুটে যাই। সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের রক্তাক্ত হতে হয়েছে। এ ধরনের হামলা কোনোভাবেই শিক্ষার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গণমাধ্যম রাষ্ট্রের আয়না— সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।’

উল্লেখ্য, গতরাতে রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০জন সাংবাদিক আহত হয়।