শিক্ষক
প্রশিক্ষণ কর্মশালা। নয়া দিগন্ত

নবীন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বাড়াতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) তিন মাসব্যাপী ‘জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ শুরু হয়েছে। দেশের ২৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষক এ প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নিচ্ছেন।

Advertisement

রোববার (৪ অক্টোবর) গাকৃবির পুরাতন অডিটোরিয়ামে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ অ্যাকাডেমি, হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহযোগিতায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। সভাপতিত্ব করেন গাকৃবি ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ অ্যাকাডেমির ডিন প্রফেসর ড. লায়লা নুর ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মেজবাহুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে নতুন জ্ঞান ও কার্যকর শিখন-পদ্ধতি অর্জন আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষকেরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্মিলিতভাবে এগিয়ে এলে দেশকে আরো এগিয়ে নেয়া সম্ভব।’ 

বাংলাদেশের শিক্ষকদের জন্য শিগগিরই একটি বিশ্ববিদ্যালয় শিক্ষক ট্রেনিং অ্যাকাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

সভাপতির বক্তব্যে গাকৃবি ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আগামীর বাংলাদেশ অনেকাংশে নির্ভর করছে আজকের শিক্ষক সমাজের ওপর। নিজেদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বাড়ানো ছাড়া জ্ঞানভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘আজকের শিক্ষক সমাজই আগামী দিনের শিক্ষার্থীদের পথ দেখাবেন। তাই একজন শিক্ষকের পেশাগত উৎকর্ষ শুধু তাঁর নিজের উন্নতি নয়, এর সাথে জড়িয়ে আছে একটি প্রজন্মের ভবিষ্যৎ।’

ভিসি সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান স্বাগত বক্তব্য দেন। পরে গাকৃবির সাফল্য, অর্জন ও বিশেষত্ব নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে দুজন শিক্ষক তাদের অনুভূতি তুলে ধরেন।

অনুষ্ঠানে গাকৃবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহিদুর রহমান, কোর্স ডিরেক্টর ও ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যানকে গাকৃবি ভিসির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গাকৃবির পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সালাম ভোট অব থ্যাংকস দেন।