বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে, (ডানে) রক্তদান
বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে, (ডানে) রক্তদান। নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি) এই কর্মসূচির আয়োজন করে।

Advertisement

‘ড্রপস অব হোপ’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে মাগুরার আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার।

কর্মসূচিতে রেড ক্রিসেন্টের একজন চিকিৎসক ও কয়েকজন স্বাস্থ্য সহকারী রক্ত সংগ্রহ ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য পরীক্ষা করান।

আয়োজক সংগঠনটির এক্সিকিউটিভ মেম্বার জান্নাতুল ফেরদৌস রিয়া বলেন, ‘ড্রপস অব হোপ’ কর্মসূচির মাধ্যমে ক্যান্সার সচেতনতা ও গবেষণাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় এবার রক্তদান, রক্তের গ্রুপ পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, রক্তদান নিয়ে মানুষের মধ্যে থাকা দ্বিধা ও ভয় দূর করে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসংক্রান্ত কিছু বিষয় জানার সুযোগ দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, অনেকেই অলসতা বা সময়ের অভাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান না। বিশেষ করে ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সময় ও আর্থিক সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।