ডেঙ্গু, ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নয়া দিগন্ত

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। 

Advertisement

রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।

এ সময় ভিসি বলেন, ‘ইতোমধ্যে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। দেশের প্রান্তিক অঞ্চলগুলোতেও ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। আমরা যদি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবাই নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন না হই, তাহলে আমাদেরও এর ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।’

তিনি বলেন, ‘আজকের এ উদ্যোগটি শুধু একদিনের আনুষ্ঠানিকতা নয়। ইসলামী বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের অন্যতম মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই, যা দেশের অন্য বিশ্ববিদ্যালয় অনুসরণ করবে। আমরা এ ক্যাম্পাসকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, ক্লিন ও গ্রিন ক্যাম্পাসে রূপান্তর করতে চাই।’

কর্মসূচিতে প্রো-ভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মামুন আল রশীদ ও প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, আটটি হলের কর্তৃপক্ষ, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।

পরে একটি র‍্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।