
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সরকারের ঘোষিত তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম।
উদ্বোধনকালে ভিসি বলেন, ‘রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেয়। প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে শাবিপ্রবিতে এ পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এর লক্ষ্য একটি পরিচ্ছন্ন, সুস্থ ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, যাতে ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি থেকে সবাই সুরক্ষিত থাকতে পারেন।’
ক্যাম্পাসের বিশাল আয়তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে ৭০ জনেরও বেশি বহিরাগত শ্রমিক নিয়োগ করা হয়েছে। এ কার্যক্রম পরিচালনার জন্য ক্যাম্পাসকে ছয়টি জোনে ভাগ করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবন ও বিভাগ নিয়মিত পরিচ্ছন্ন রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হতে হবে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে প্রত্যেকে নিজ নিজ কর্মক্ষেত্র ও ভবন পরিচ্ছন্ন রাখার চর্চা বজায় রাখলে পুরো ক্যাম্পাসকে সুন্দর ও স্বাস্থ্যকর রাখা সম্ভব হবে।’
এ সময় বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখার কাজে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান ভিসি। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ভিসি।
বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল, শিক্ষায়তনিক ভবন, প্রশাসনিক ভবন, আবাসিক এলাকা ও আশপাশের উন্মুক্ত স্থানে এডিস মশার লার্ভা ধ্বংস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা ভিসি।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টরিয়াল বডির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








